লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার তাগিদ সংস্কৃতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থীকে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে উন্নয়নমুখী সমাজকল্যাণ সংস্থা (ইউএসকেএস) আয়োজিত ওই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা দেন। একই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্ত মনের মানুষ তৈরি হতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াসহ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। তা না হলে একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হতে অনেক ঘাটতি থেকে যাবে। সন্তানেরা লেখাপড়া করতে গিয়ে কী করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।’
অনুষ্ঠানে ইউএসকেএসের সভাপতি মমতাজুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আহসান রহিম, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায় প্রমুখ। মন্ত্রী ওই অনুষ্ঠানে ১১ জন শিক্ষককে চলতি ভাতার পাশাপাশি প্রতি মাসে এক হাজার টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা দেন।