লেখাবিল ও বড় হাওরে হাজার একরের বোরো পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার লেখাবিল ও বড় হাওর গত কয়েক দিনের বৃষ্টির পানিতে ভরে গেছে। এতে সদর উপজেলার কামালপুর, মনুমুখ ও কাগাবলা ইউনিয়নের লেখাবিল ও বড় হাওর এলাকায় প্রায় এক হাজার একর জমির বোরো তলিয়ে গেছে। কামালপুর ইউনিয়নের উত্তর নন্দীপুর গ্রামের মকু আহমদ গত সোমবার বলেন, ‘খুব খারাপ অবস্থা। আধাপাকা তোরা তোরা (অল্প অল্প) ধান তোলরাম। পানি যাওয়ার কোনো পথঘাট নাই।’ মকু আরও বলেন, ‘আগে কামারখাল দিয়ে বড় হাওরে গিয়ে পানি নামত। সেই পানি বড় হাওর থেকে বিজনা নদীতে যেত। কিন্তু গত কয়েক বছরে খাল খনন করা হয়নি।’ এলাকাবাসী জানিয়েছেন, লেখাবিল হাওরে বাড়ন্তি, ছড়াপুর, উমরপুর, উত্তর বাড়ন্তি, মথাখাই, সুনামপুর, খালিশপুর, নালিউড়ি, ঘোড়াখাল, ত্রৈলোক্যবিজয়সহ আশপাশের গ্রামের জমি রয়েছে। অনেকেই পানির নিচ থেকে আধাপাকা ধান কেটে তোলার চেষ্টা করছে। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে লেখাবিলের প্রায় এক হাজার একর জমির ফসল ডুবেছে। লেখার খাল ও পাঁচকাঁপনিয়া খাল ভরাট হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আমিনুল হক বলেন, ‘পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় লেখাবিলের খাল খননের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এ বছর কাজের বিনিময়ে খাদ্যের কোনো কাজই হয়নি।’‘সুদোর টেখা দিতাম কিলা!’‘গ্রামোর এক মহাজনের কাছ থাকি সুদে ৩০ হাজার টেখা আনছিলাম খেত করার লাগি। আখতা (হঠাত্) পানি (পাহাড়ি ঢল) আইয়া খেত ডুবাইল। ধানও পাকল না। অখন সুদোর টেখা দিতাম কিলা!’ আধাপাকা ধানের আঁটির স্তূপের পাশে বসে কথাগুলো বলছিলেন ভূয়াই গ্রামের শ্রীমতী দাস (৫০)। দূরে তলিয়ে যাওয়া খেত থেকে তাঁর ছেলেরা ওই ধান কেটে এনেছেন। তিনি এবার ছয় বিঘা জমিতে বোরোধানের চাষ করেছিলেন। পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কৃষক পরিবার এখন হতাশ হয়ে পড়েছে।জায়ফরনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি দাস জানান, জায়ফরনগরে নয় হাজার ৪৭৫ একর জমিতে এবার বোরোর চাষ হয়েছে। ফসল পেকে ওঠার আগেই ঢলে খেত তলিয়ে গেছে।