লেখালেখি আর টক শো থেকে তিন মন্ত্রীর আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমধর্মী পেশা আর অপ্রচলিত উৎস থেকে আয় করেন তিন মন্ত্রী-সাংসদ। এঁদের একজন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবারের হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন সাংবাদিকতা। ওবায়দুল কাদেরের মতো লেখালেখি এবং পাশাপাশি টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেননের আয়ের অন্যতম উৎস টক শো। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর অন্যতম আয়ের উৎসও টক শো।
নোয়াখালী-৫ আসন থেকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ওবায়দুল কাদের সাংবাদিকতাসহ মন্ত্রী-সাংসদ হিসেবে বছরে সাত লাখ ৬৭ হাজার ৭০০ টাকা আয় করেন। তাঁর আইনজীবী স্ত্রীর আয় বছরে দেড় লাখ টাকা। এই মন্ত্রীর নগদ অর্থের পরিমাণ মাত্র ৫৫ হাজার টাকা। তবে তাঁর স্ত্রীর নগদ অর্থ বেশি—চার লাখ ৮২ হাজার টাকা।
ওবায়দুল কাদেরের ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ৩১ লাখ ২৯ হাজার টাকা। পাঁচ বছর আগে ছিল মাত্র প্রায় পাঁচ লাখ টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগ ৭১ লাখ ২৩ হাজার টাকা, যা ২০০৮ সালে ছিল সাড়ে ১৫ লাখ। ওবায়দুল কাদেরের স্ত্রীর জব্দ হওয়া স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল ৪২ লাখ টাকা। ওবায়দুল কাদেরের একটি গাড়ি রয়েছে, যা উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
২০০৮ সালের নির্বাচনের হলফনামায় লেখা আর সাহিত্যকর্ম করে বছরে এক লাখ ৪০ হাজার টাকা আয়ের কথা লিখেছিলেন ওবায়দুল কাদের। স্থাবর সম্পত্তির মধ্যে রাজধানীর উত্তরায় ৫০ লাখ ৭৯ হাজার টাকার পাঁচ কাঠার একটি প্লট রয়েছে। ওবায়দুল কাদেরের স্ত্রীর নামে ১৬ লাখ টাকার একটি ফ্ল্যাট আছে।
লেখালেখি আর টক শো থেকে বছরে এক লাখ ৭৫ হাজার টাকা আয় করেন ঢাকা-৮ আসন থেকে ইতিমধ্যে নির্বাচিত সাংসদ রাশেদ খান মেনন। এর বাইরে তাঁর বড় আয় ব্যবসা থেকে, বছরে ছয় লাখ টাকা। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মেনন লেখালেখি বাবদ ২৫ হাজার ৭২৪ টাকা আয় করতেন বলে উল্লেখ করেছিলেন। ব্যাংকে জমা টাকার পরিমাণ ২০০৮ সালের ৭৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১০ লাখ ২৬ হাজার। মেনন ৬০ লাখ টাকায় জিপ কিনেছেন। এ ছাড়া তাঁর আট লাখ টাকা দামের একটি স্টেশন ওয়াগন আছে।
হাসানুল হক ইনু টক শো থেকে বছরে এক লাখ ৮১ হাজার ২০০ টাকা আয় করেন। পাঁচ বছরে এ বাবদ তাঁর আয় দ্বিগুণ হয়েছে। প্রকৌশলী ইনু ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বছরে আট লাখ পাঁচ হাজার টাকা ভাতা পান। চাকরি থেকে পান বছরে ১৬ লাখ ৫০ হাজার ৫৩২ টাকা। ইনুর ব্যাংকে জমা ৩৬ লাখ ৭০ হাজার টাকা। ২০০৮ সালে ছিল ৭১ হাজার ৯১৭ টাকা।