লেগুনা চলাচলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে যাত্রীবাহী লেগুনা চলাচলের প্রতিবাদে গতকাল শনিবার সংগঠন দুটির সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে মহাসড়কে তিন চাকার সব যান চলাচল বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ কিলোমিটার অংশ দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজন সমস্যায় পড়ে। এর পরিপ্রেক্ষিতে ছয়-সাত মাস আগে মহাসড়কের এই অংশে কয়েকটি লেগুনা যাত্রী বহন করার চেষ্টা করেছিল। এ নিয়ে বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে লেগুনার মালিক-শ্রমিকদের বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটে। এরপর চার পাঁচ-মাস মহাসড়কে লেগুনা দেখা যায়নি। কিন্তু ঈদ উপলক্ষে চার-পাঁচটি যাত্রীবাহী লেগুনা মহাসড়কে চলাচল শুরু করে।
গতকাল বেলা ১১টার দিকে মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছ মিয়ার নেতৃত্বে বেশ কিছু শ্রমিক যাত্রীবাহী লেগুনার শ্রমিকদের লেগুনা চালাতে বাধা দেন। এ নিয়ে লেগুনার শ্রমিক লিটন মিয়া ও হুমায়ুন কবীরের আনিছ মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সোয়া ১১টার দিকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত খান ও আনিছ মিয়ার নেতৃত্বে শতাধিক মালিক ও শ্রমিক সরাইল বিশ্বরোড মোড় এলাকা অবরোধ করেন। এরপর এক এক করে একই মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর ও শাহবাজপুর, চান্দুরা ও ঘাটুরা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করা হয়। এতে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের (সিলেট) সহকারী পুলিশ সুপার (সার্কেল) শৈলেন চাকমা ঘটনাস্থলে যান। তিনি লেগুনার শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।
লেগুনার শ্রমিক আরব আলী ও হুমায়ুন কবীর বলেন, এ জেলার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো খুবই পুরোনো। এ কারণে সড়কে অন্য কোনো গাড়ি থাকলে বাসে যাত্রীরা উঠতে চান না। তাই তাঁরা এমনটি করছেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত খান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে মহাসড়কে তিন চাকার যান ও লেগুনা চলাচল করতে পারবে না। তাই আমরা তাদের মহাসড়কে যাত্রী বহন করতে দেব না।’