লেগুনা থেকে পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে লেগুনা থেকে পড়ে মারিয়া আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে থাকত মারিয়া। সে শারীরিকভাবে অসুস্থ ছিল।
গতকাল সকালে তার মা ও খালা তাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। দুপুরের দিকে তাঁরা একটি লেগুনায় করে বাড়ি ফিরছিলেন। লেগুনার শেষ অংশে বসা ছিল মারিয়া। লেগুনাটি ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে গতিরোধকের ওপর দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনি লাগে। এতে মারিয়া নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কেউ এ ব্যাপারে অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারিয়া বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মাসুম মিয়ার মেয়ে। সে রূপগঞ্জের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।