মহাসড়কে যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে এবং লেগুনা মালিক-শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মহাসড়কে তিন চাকার সব যান চলাচল বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে মোটরযান সংকটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিপ্রেক্ষিতে সাত-আট মাস আগে মহাসড়কের এ অংশে কয়েকটি চার চাকার লেগুনা যাত্রী বহনের চেষ্টা করে। কিন্তু বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগঠনের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে লেগুনার মালিক-শ্রমিকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এ নিয়ে একাধিক মামলা চলছে। এক মাস ধরে অর্ধশতাধিক লেগুনা মহাসড়কে চলাচলের চেষ্টা করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং মামলা করার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ছয়-সাতটি স্থানে লেগুনা চলাচল বন্ধের দাবিতে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দেড় ঘণ্টা অবরোধ করেন।
জেলা হিউম্যান হলার, ম্যাক্সি ও রাইডার মালিক সমিতির সভাপতি মনসুর আলী প্রথম আলোকে বলেন, ‘দেশের সব জেলায় হিউম্যান হলার বা লেগুনা চলছে। শুধু এই জেলায় বাস-মালিক ও শ্রমিকেরা বাধা দিচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’
মানববন্ধনে অংশ নেওয়া কামরুজ্জামান কাজল ও জসিম মিয়া বলেন, ‘এ জেলার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো খুবই পুরোনো। সড়কে অন্য কোনো গাড়ি থাকলে যাত্রীরা এসব বাসে উঠতে চান না। এ কারণে বাস-মালিক ও শ্রমিকেরা আমাদের লেগুনা নিয়ে রাস্তায় নামতে দিচ্ছেন না।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির লোকাল বাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়ামত খান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, মহাসড়কে লেগুনা চলাচল করতে পারবে না। তাই আমরা তাদের মহাসড়কে যাত্রী বহন করতে দেব না।’
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, মহাসড়কে লেগুনা চলাচলে উচ্চ আদালতের চার সপ্তাহের একটি নিষেধাজ্ঞা রয়েছে। এর দুই সপ্তাহ পার হয়ে গেছে। আরও দুই সপ্তাহ পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।