লেগুনার ওরা, কচি মুঠোয় কঠোর জীবন

ইউসুফ, রবিন ও ইলিয়াস তিন বন্ধু। বন্ধুত্ব প্রায় পাঁচ বছরের। বয়স ১২ থেকে ১৫ বছর। তিনজনই লেগুনার সহকারী বা চালকের সহকারী। রাজধানীর মোহাম্মদপুর থেকে লিংক রোড-মধ্যবাড্ডা সড়কপথে চলাচল করা লেগুনায় যাত্রী তোলে তারা। এই কাজের সূত্রেই তাদের বন্ধুত্ব।
পরিবারসহ তারা থাকে মোহাম্মদপুরের লাউতলা ও শাহজালাল হাউজিং এলাকায়। কাকডাকা ভোরে তাদের ছুটতে হয় কাজে। দুপুরে কাজের ফাঁকে সামান্য সময় নিয়ে খাবার শেষ করে লেগুনায গিয়ে উঠতে হয়। থাকতে প্রায় মধ্যরাত পর্যন্ত।
ইউসুফের (১৪) বাবার নাম হারুন, মা তারা বেগম। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবারের টানাপোড়েনে পড়াশোনা হয়নি। তাই বছর পাঁচেক আগে লেগুনায় উঠে পড়ে। সে কাজ এখনো চলছে।
রবিনের (১৩) গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। বাবা মো. ফরিদ ও মা মলি বেগমের সঙ্গে চার ভাইবোন নিয়ে শাহজালাল হাউজিং এলাকায় বাস। সেও চার বছরের বেশি সময় ধরে এ কাজ করে। কাজে অনীহা নেই তার। তবে মাঝেমধ্যে মন খারাপ হয়ে যায়, সারা দিন খেটেখুটেও যখন টাকা না মেলে।

মোহাম্মদপুর লাউতলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে ইলিয়াস (১৫)। তারা দুই ভাইবোন। ইচ্ছা থাকলেও পড়ালেখা করা হয়নি সংসারের দায়িত্ব নিজের কাঁধে আসায়। তার রুটি-রুজি সব নির্ভর করে লেগুনার কাজটাতে।
মোহাম্মদপুর-লিংক রোড ও মোহাম্মদপুর-ফার্মগেট—এই দুটি সড়কপথে ৩০ জনের বেশি শিশু-কিশোর লেগুনার হেলপারি করে। সেই কাকডাকা ভোর থেকে অনেক রাত অবধি কাজ করতে হয়। এক দিন পরপর চলে তাদের এই ১৮ ঘণ্টার কাজ। সংসারের টানাটানি থেকেই তাদের এই জীবনের ঘানি টানা। এই তিন বন্ধুর মতো রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক শিশু-কিশোর এভাবেই গায়েগতরে খেটে জীবিকা চালায়। টানে সংসারের বোঝা।
দিনে কত টাকা মজুরি পাওয়া যায়, জানতে চাইলে ইলিয়াস বলে, ‘কোনো দিন চার শ পাই, কোনো দিন তিন শ পাই, কোনো দিন আড়াই শ। আবার কোনো দিন পাইও না। জমা-জুমা দিয়া থাকলে পাই, নাইলে নাই।’ কাজ শেষে টাকা পাওয়ার বিষয়ে ইলিয়াস বলে, ‘কোনো কোনো ওস্তাদ (চালক) গাঁজা খায়, বাবা (ইয়াবা) খায়। ডিউটি শ্যাষে কোনো কোনো দিন ট্যাকা দেয় না। ডিউটি শ্যাষে ট্যাকা না দিলে কষ্ট পাই।’
তার কথায় সায় দিয়ে রবিন ও ইউসুফ বলে, ‘ওস্তাদ ভালো হইলে ডিউটি শ্যাষে দুই শ, আড়াই শ আবার তিন শ ট্যাকাও পাওয়া যায়। ওস্তাদ খারাপ হইলে ট্যাকা নিয়ে ঝামেলা করে।’ ওস্তাদদের মতো নেশাজাতীয় তারা কিছু খায় কি না, এমন প্রশ্নের জবাবে ইউসুফ বলে, ‘খাইলে মাঝে মাঝে সিগারেটটা খাই।’ তার কথা কেড়ে নিয়ে ইলিয়াস বলে, ‘আমরা হাবিজাবি কিছু খাই না। খাইলে বিড়িটাই খাই। তাও ওস্তাদগো সামনে খাই না।’ পড়ালেখা যেহেতু করা হয়নি, তাই এই লাইনে থেকেই লেগুনা চালানো শিখে ড্রাইভার হওয়ার ইচ্ছা তিন বন্ধুর। সম্ভব হলে লেগুনার মালিক হয়ে নিজেই নিজের গাড়ি চালানোর ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাদের।

গত বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে লেগুনার চালক, সহকারী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোহাম্মদপুর-লিংক রোড সড়কপথে প্রতিদিন ২৮ থেকে ৩০টি লেগুনা চলে। দিনের পালা ব্যবস্থায় (ডে শিফট সিস্টেম) কাজ করেন চালক ও সহকারী। অর্থাৎ, প্রথম দিন কাজ করলে দ্বিতীয় দিন বাধ্যতামূলকভাবে বিশ্রামে থাকতে হয়।
দ্বিতীয় দিন অন্য শিফটের চালক ও সহকারীরা কাজ করার সুযোগ পায়। প্রতিদিন লেগুনার ভাড়াবাবদ মালিককে জমা দিতে হয় ১ হাজার ৪০০ টাকা, সড়কপথে চলাচলের জন্য কয়েকটি প্রভাবশালী চক্রকে লেগুনাপ্রতি চাঁদা দিতে হয় ৬৯০ টাকা। এ ছাড়া গ্যাসের খরচ ৫০০ থেকে ৬০০ টাকা। এবার যা বাড়তি টাকা থাকে, তা লেগুনাচালক নেন।
এরপর চালক তাঁর সহকারীকে মর্জিমাফিক টাকা দিয়ে থাকেন। সেটা ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা। তবে সচরাচর ২০০ টাকা থেকে ২৫০ টাকাই দেওয়া হয়। চালকেরা সাধারণত সহকারী হিসেবে শিশু-কিশোরদের অগ্রাধিকার দেন। কারণ, তাদের নিজের খেয়াল-খুশিমতো টাকা দিয়ে বিদায় করা যায়। কিন্তু তরুণ, যুবক বয়সের সহকারীদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না।
ওই রুটের লেগুনাচালক মাহমুদুল হাসান, শহীদ ও মোকসেদ বলেন, তাঁরা সহকারীদের টাকা নিয়ে কোনো ঝামেলা করেন না। ডিউটি শেষে আয় অনুযায়ী সহকারীদের ২০০, ২৫০ কিংবা কখনো ৩০০ টাকা দেন। এই সড়কপথের লাইনম্যান মো. কালাম। তাঁর কাজ লেগুনাচালকদের কাছ থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা। অবশ্য চাঁদা আদায় করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমার কাজ লেগুনাগুলো যাতে ঠিকঠিকভাবে চলতে পারে এবং স্ট্যান্ডে যাতে কোনো জটলা না পাকায়, সেটা দেখাশোনা করা।’
চালকেরা শিশু-কিশোর সহকারীদের পারিশ্রমিক ঠিকমতো দেন কি না, এ বিষয়ে কালাম বলেন, ‘আমি তো জানি হেলপারদের ঠিকমতোই টাকা দেওয়া হয়।’