লেগুনার পাদানিতে শৈশব

সুজনের বয়স সাত কী আট। এ বয়সে তার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলে বেড়ানোর কথা। কিন্তু জীবিকার তাগিদে সুজন এখন মিরপুর থেকে মহাখালী পথে চলাচলকারী একটি লেগুনার চালকের সহকারী। সকাল থেকে রাত পর্যন্ত সুজনের সময় কাটে লেগুনার পাদানিতে ঝুলে।
রাজধানীর বিভিন্ন পথে চলছে ‘লেগুনা’ নামে পরিচিত এই ছোট গাড়িগুলো। অধিকাংশ লেগুনার চালকের সহকারী শিশু। এদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে। গাড়ির চালকের সহকারীর কাজ শিশুশ্রম আইনে ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত করা হলেও বন্ধ হচ্ছে না শিশু সহকারী নিয়োগ। মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে কথা হয় সুজনের সঙ্গে। মা আর বড় ভাইয়ের সঙ্গে সুজন থাকে গুদারাঘাট এলাকায়। ছয় মাস ধরে সহকারীর কাজ করছে। সুজন বলল, ‘সকাল আটটায় আসি। রাত ১০-১১টা পর্যন্ত থাকি। এক ট্রিপে ৩০ টাকা পাই। দিনে ২৫০-৩০০ টাকা হয়।’
বিভিন্ন পথে চলাচলকারী লেগুনার চালক ও মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীতে প্রায় ৮০০টি লেগুনা চলাচল করে। এর মধ্যে ফার্মগেট থেকে মোহাম্মদপুর, জিগাতলা ও কৃষি মার্কেট—এই তিন রুটে ঢাকা ইন্দিরা পরিবহনের প্রায় ১২০টি লেগুনা চলে। গাবতলী-মহাখালী রুটে ৬০টি, মিরপুর-মহাখালী রুটে ৭০টি, মোহাম্মদপুর থেকে গুলশান হয়ে বাড্ডা পর্যন্ত ৮০টির মতো লেগুনা চলে। এ ছাড়া নীলক্ষেত থেকে ফার্মগেট, গোড়ান থেকে গুলিস্তান, মিরপুর ১ নম্বর থেকে জিগাতলা, মিরপুর ১০ নম্বর থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদসহ কয়েকটি রুটে লেগুনা চলাচল করে। মিরপুর ১০ নম্বর থেকে মোহাম্মদপুর পথে চলাচলকারী লেগুনাগুলোতে শিশু সহকারীর সংখ্যাই বেশি। শিয়া মসজিদ এলাকায় কথা হয় ১২ বছরের শিহাবুলের সঙ্গে। শিহাবুল জানাল, দেড় বছর ধরে চালকের সহকারীর কাজ করছে সে। পরিবারের সঙ্গে বাঁশবাড়ি এলাকায় থাকে।
শিহাবুল বলে, ‘ক্লাস টু পর্যন্ত পড়ছি। বড় ভাই এই লাইনে লেগুনা চালায়। সে কইল কামে লাইগা যাইতে। এখন মাঝেমধ্যে ওস্তাদ গাড়ির চাবি আমারে দিয়া যায়। দুই বছর শিখলে আমিও চালামু।’ অল্প বয়সী এসব সহকারীর বিষয়ে মিরপুর-মহাখালী হিউম্যান হলার মালিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. বাদল বলেন, ‘ভাত জোটাতে অল্প বয়সে হেলপারি করতে শুরু করে। দিনে ২০০-৩০০ টাকা কামায়। সমিতিতে ৪০-৪৫ জন মালিকের গাড়ি আছে। কোনো মালিক ছোট সহকারী নিলে সেটা তাঁর ব্যাপার।’
অন্তত ১০ জন শিশু সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ যাত্রী ছোট বলে ওদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। তবে ব্যতিক্রমও আছে। জায়গামতো না নামালে কিংবা ভাড়া নিয়ে কথা বললে অনেক যাত্রী গালিগালাজ করেন। যাত্রী ওঠানো-নামানো শেষ হলেই চালক লেগুনা ছেড়ে দেন, তখন দৌড়ে গিয়ে ওদের লেগুনায় উঠতে হয়।
শিশুশ্রম আইন ২০১৩-তে ১৮ বছরের নিচের সবার জন্য গাড়ির চালকের সহকারীর কাজকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক মাহবুবা আক্তার প্রথম আলোকে বলেন, শিশু আইনে বলা আছে, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। শিশু সহকারীর কাজ বন্ধ করতে সরকারের নজরদারি বাড়াতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।