লেগুনাশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় এলাকায় গতকাল বুধবার লেগুনার চালকেরা বিক্ষোভ মিছিল করেছেন। বাস চালক ও মালিকেরা মহাসড়কে লেগুনা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ মিছিল করেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ফলে মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে কিশোরগঞ্জের ভৈরব এবং হবিগঞ্জের মাধবপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে যাত্রীদের সমস্যা হওয়ার পরও তারা লক্কড়ঝক্কড় বাস ও মিনিবাসে চলাচল করছে।
লক্কড়ঝক্কড় এসব বাসের বিকল্প হিসেবে মাস খানেক আগে সরাইল বিশ্বরোড মোড় থেকে কিশোরগঞ্জের ভৈরব এবং হবিগঞ্জের মাধবপুর এলাকায় চলাচল করতে শুরু করে চার চাকার লেগুনা। গতকাল দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ে বাস-মিনিবাসের চালকেরা লেগুনা চলাচলে বাধা দেন। বেলা তিনটার দিকে লেগুনা পরিবহনের শতাধিক চালক-মালিক বিশ্বরোড মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে মহাসড়কে লেগুনা চলাচলের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যাত্রীবাহী লেগুনা পরিবহনের পরিচালক কামরুজ্জামান কাজল বলেন, ‘আমাদের যানবাহনগুলোর বৈধ কাগজপত্র থাকলেও বাস মালিক সমিতির লোকজন আমাদের মহাসড়কে নামতে দিচ্ছে না।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর গতকাল বিকেলে বলেন, ‘২০১২ সালে আমরা উচ্চ আদালতে রিট করে এই জেলায় এ-জাতীয় (হিউম্যান হলার) চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছি। উচ্চ আদালতের এই আদেশ এখনো বলবৎ আছে। তাই মহাসড়কে এ-জাতীয় যান চলাচল করতে পারে না।’
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর হোসেন সিদ্দিকী বলেন, মহাসড়কে লেগুনা চলাচলেকর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। জেলা আঞ্চলিক পরিবহন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত হলে এগুলো মহাসড়কে চলাচল করতে পারবে।