লেগুনায় কিশোর চালক, শিশু সহকারী
একটি লেগুনার চালক ও সহকারীর মিলিত বয়স ২৩। সহকারীর বয়স ৮ হলে চালকের বয়স কত? এটি গণিতের কোনো প্রশ্ন নয়। রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে মহাখালী পথে চলা একটি লেগুনার চালক হৃদয় ও সহকারী আল-আমিনের সত্যিকার বয়স।
রাজধানীর বিভিন্ন পথে দাপটের সঙ্গে চলছে লেগুনা, টেম্পো¬, হিউম্যান হলারসহ নানা নামে পরিচিত ছোট গাড়িগুলো। কিন্তু এসব ছোট গাড়ির চালকদের মধ্যে কৈশোর পার না হওয়াদের সংখ্যা অনেক। কিশোর চালকের যোগ্যতা, তারা দুই-তিন বছর অন্য কোনো গাড়ির চালকের সহকারী ছিল। তাদের নেই গাড়ি চালনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা, নেই লাইসেন্স। এসব কিশোর চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
থানাগুলোতে পর্যাপ্ত যানবাহন না থাকায় পুলিশ প্রতিদিনের কাজে লেগুনা রিকুইজিশন করে। আসামি আনা-নেওয়া ও টহল দেওয়ার কাজে থানাগুলোর ভরসা এসব লেগুনা। পুলিশ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন এসব লেগুনা চলছে অহরহ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ বলেন, ‘রিকুইজিশন করার কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, এটা সত্য না। কিশোর বা অপ্রাপ্তবয়স্ক লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এ রকম গাড়ি দেখামাত্র ধরার নির্দেশ দেওয়া আছে।’
গত ২৫ মে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ীতে আসামি বহনকারী পুলিশের রিকুইজিশন করা একটি লেগুনা দুর্ঘটনায় সাতজন নিহত হন। আহত হন ১৩ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ, অন্যরা আসামি। গাজীপুর থানার পুলিশ জানিয়েছে, ওই লেগুনার চালক কিশোর বয়সের।
গত শুক্রবার মহাখালী, মোহাম্মদপুর ও কল্যাণপুর—এই তিন বাসস্ট্যান্ডে এক ঘণ্টা করে দাঁড়িয়ে থেকে দেখা যায়, কয়েক মিনিট পরপর লেগুনা আসা-যাওয়া করছে। এসব লেগুনার অনেক চালকই কিশোর বয়সী। চালকদের কারও কারও দাড়ি-গোঁফ পর্যন্ত গজায়নি। আর এসব লেগুনার সহকারী মূলত ৮ থেকে ১২ বছরের শিশুরা।
মোহাম্মদপুর থেকে গুলশান-বাড্ডা পথে লেগুনা চালায় ১৬ বছর বয়সী মো. সোহাগ। শুক্রবার মহাখালী থেকে মোহাম্মদপুর যেতে যেতে কথা হয় তার সঙ্গে। কীভাবে চালক হলো—জানতে চাইলে সোহাগ বলে, ‘তিন বছর হেলপারি করার পর ওস্তাদ (লেগুনার চালক) রাতের বেলা একটু একটু করে চালাইতে দিত। একটু চালাতে শিখলে গাড়ির তেল কিংবা গ্যাস ভরার সময় গাড়ির চাবি আমরে দিয়া যাইত। আর গ্যারেজ থেকে গাড়ি আনা-নেওয়া করতাম। এভাবেই গাড়ি চালানো শিখছি। এখন ছয় মাস ধইরা নিজেই চালাই।’
মিরপুর ১ নম্বর থেকে মহাখালী পথে চলাচলকারী অনেকগুলো লেগুনার চালক কিশোর। অন্য চালকেরা এসব কিশোর চালকের নাম দিয়েছেন ‘হাফপ্যান্ট পার্টি’। কারণ, কিশোর চালকেরা এখনো হাফপ্যান্ট পরে লেগুনা চালায়।
এই পথেই লেগুনা চালায় ১৫ বছরের মো. হৃদয়। দুই বছর সহকারীর কাজ করার পর এক বছর আগে চালক হয়েছে হৃদয়। হৃদয় বলল, ‘বয়সে ছোট হলেও আমাদের হাত খুব পাকা। এই লাইনে যত ড্রাইভার গাড়ি চালায়, অনেকেরই আসল লাইসেন্স নাই। আর ঢাকায় গাড়ি চালাইতে এখন এত কিছু জানা লাগে না।’ হৃদয়ের দাবি, এসব গাড়ি চালাতে কোনো লাইসেন্স লাগে না, মনে সাহস থাকলেই চলে।
অল্প বয়সী এসব চালকের বিষয়ে মিরপুর-মহাখালী হিউম্যান হলার মালিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. বাদল বলেন, ‘ভাত জোটাতে অল্প বয়সে হেলপারি করতে করতে গাড়ি চালানো শেখে। সমিতিতে ৪০-৪৫ মালিকের গাড়ি আছে। কোনো মালিক ছোট চালক নিলে সেটা তাঁর ব্যাপার।’
গণপরিবহনের স্বল্পতা এবং অনেক স্থানেই বাসের চলাচল না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই এই লেগুনায় উঠছেন। ‘গত মাসে লালমাটিয়া এলাকায় এ রকম বেপরোয়া গতিতে চলা এক লেগুনা রিকশার পেছনে ধাক্কা দিলে আমি নিজেই আহত হই’—মিরপুর থেকে জিগাতলাগামী লেগুনায় বসে কথাগুলো বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘দীর্ঘক্ষণ গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়, তাই গাড়ি এলে চালক-হেলপারের চেহারা দেখার সময় থাকে না। আমি না উঠলে অন্য কেউ উঠবে। না উঠে তো উপায় নাই।’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে শুক্রবার থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার খুদে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি। সর্বশেষ গত রোববার তাঁর সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি এবং খুদে বার্তারও জবাব দেননি।
বিভিন্ন পথে চালক ও মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীতে প্রায় ১২টি রুটে ৭৫০ থেকে ৮০০টি লেগুনা চলাচল করে। এর মধ্যে ফার্মগেট থেকে মোহাম্মদপুর, জিগাতলা ও কৃষি মার্কেট—এই তিন রুটে ঢাকা ইন্দিরা পরিবহনের প্রায় ১২০টি লেগুনা চলে। গাবতলী-মহাখালী রুটে ৬০টি, মিরপুর-মহাখালী রুটে ৭০, মোহাম্মদপুর থেকে গুলশান হয়ে বাড্ডা পর্যন্ত ৮০টির মতো লেগুনা চলে। এ ছাড়া নীলক্ষেত থেকে ফার্মগেট, গোড়ান থেকে গুলিস্তান, মিরপুর ১ নম্বর থেকে জিগাতলা, মিরপুর ১০ নম্বর থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদসহ আরও কয়েকটি পথে লেগুনা চলাচল করে।
তিনটি মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় থানাগুলো থেকে প্রতিদিনই লেগুনার রিকুইজিশন থাকে। কিছু কিছু থানায় স্থায়ীভাবে দুটি-একটি করে লেগুনা রিকুইজিশন করে রাখা হয়েছে। এ ছাড়া প্রতি রাতেই আরও লেগুনা থানাগুলোতে দিতে হয়।
ইন্দিরা পরিবহন সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হাসান বললেন, ‘মোহাম্মদপুর, ধানমন্ডি, আদর্শবাড়ি ফাঁড়ি ও শেরেবাংলা নগর থানায় ইন্দিরা পরিবহনের একটি করে লেগুনা দেওয়া আছে। তারপরেও প্রতি রাতে আরও দুটি করে দিতে হয়।’
শিশু শ্রম আইন ২০১৩-তে ১৮ বছরের নিচের সবার জন্য গাড়ির চালকের সহকারীর কাজকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, ‘সহকারীর কাজই যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে শিশু-কিশোরদের চালক হওয়ার তো প্রশ্নই আসে না। এসব শিশু-কিশোরকে যাঁরা কাজে নিয়োগ করেছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। জনগণ ও যাত্রীদেরও সচেতন হতে হবে।’