
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জোর প্রচারণা চালাচ্ছেন। তাঁদের কেউই নির্বাচনী মাঠ ছাড়তে চাইছেন না।
স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি দলের তৃণমূলের সমর্থন পেয়েছি। দল আমাকে সমর্থন দিয়েছে। নির্বাচন আমাকে করতেই হবে।’
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুকুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাব না। নির্বাচন করবই।’ এ উপজেলায় আওয়ামী ঘরানার অপর প্রার্থী হচ্ছেন আবদুল আলী। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পলাশের মতো নির্বাচন হতে যাওয়া দেশের ৯৭টি উপজেলার বেশির ভাগ এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। তাঁদের সামাল দিতে কেন্দ্রীয়ভাবে সাত বিভাগে সাতটি টিম করে দিলেও তারা সামাল দিতে পারছে না।
প্রথম দফায় দেশের যে ৪০ জেলার ৯৭ উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে, তাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬৯ জন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। নরসিংদীর বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সর্বোচ্চ নয়জন প্রার্থী রয়েছেন। নড়াইলের কালিয়া উপজেলায়ও আওয়ামী লীগের আট প্রার্থী নির্বাচনী প্রচারে রয়েছেন।
উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের তৃণমূলে নতুন করে দলাদলি শুরু হয়েছে। স্থানীয় সাংসদদের চেয়ারম্যান পদে নাক গলাতে কেন্দ্র থেকে মানা করে দেওয়া হলেও কোথাও কোথাও তাঁরা নিজস্ব প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। ফলে তৃণমূলের এই গৃহদাহে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকারি দল।
নির্বাচন কমিশন এবার ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দুই দফায় ২১৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় ৯৭টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। ৩ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
২১টি উপজেলায় আওয়ামী লীগের একজন করে প্রার্থী হয়েছেন। উপজেলাগুলো হলো রাজশাহীর মোহনপুর, নীলফামারীর সৈয়দপুর, জলঢাকা ও ডিমলা, রংপুরের মিঠাপুকুর ও তারাগঞ্জ, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নওগাঁর রানীনগর, মেহেরপুর সদর, বরিশালের গৌরনদী, রাজবাড়ী সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, মানিকগঞ্জের শিবালয় ও সাটুরিয়া, পাবনার আটঘরিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বগুড়ার দুপচাঁচিয়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপা, হবিগঞ্জের মাধবপুর, খাড়গাছড়ি সদর। অন্যান্য উপজেলায় গড়ে তিন-চারজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
উপজেলা নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনা গত ২৬ জানুয়ারি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো চিঠিতে একক প্রার্থী নিশ্চিত করার নির্দেশ দেন। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগ সূত্র জানায়, গত বৃহস্পতি, শুক্র ও গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে রংপুর, খুলনা, ঢাকা, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাতটি টিম আলাদা বৈঠক করেছে।
রংপুরের টিম প্রধান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী একক প্রার্থী দেওয়ার জন্য তৃণমূলে কড়া ভাষায় চিঠি দিয়েছেন। সুতরাং কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে প্রতিক্রিয়া নরম হবে না। বরিশাল বিভাগের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ বিভাগের টিম প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এখন বরিশালে। ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজশাহী বিভাগের সমন্বয়ক আবু সাঈদ আল মাহমুদ বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শতভাগ সফল হতে না পারলেও অধিকাংশ ক্ষেত্রেই সফলতা আসবে।