লেডিস পার্কের পুকুরে শিশুর লাশ
রাজধানীর গুলশানের লেডিস পার্কের পুকুর থেকে গতকাল শুক্রবার বিকেলে এক অজ্ঞাতনামা (১৩) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরে কয়েকটি শিশু ওই পুকুরে গোসল করছিল। তখন ওই শিশুটি তলিয়ে যায়। বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
সড়ক দুর্ঘটনা: রাজধানীর মোহাম্মদপুরে গতকাল রাতে লেগুনার ধাক্কায় হাজেরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, রাত আটটার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় ওই নারী নিহত হন। হাজেরার গ্রামের বাড়ি ময়মনসিংহে। টাউন হলের বিহারি ক্যাম্পে থাকতেন তিনি।
পৃথক ঘটনায় রাজধানীর রমনার মৎস৵ ভবনের সামনে গতকাল বিকেলে বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম (৪০), আবদুর রহিম (৩০) ও শিল্পী বেগম (৪০)। তাজুল ও আবদুর রহিম রিকশাচালক। শিল্পী তাজুলের রিকশার যাত্রী।