লেদাপোকার আক্রমণে দিশেহারা কৃষক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা, উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আমন খেতে লেদাপোকার আক্রমণ দেখা দিয়েছে। ধানগাছের শিষ (মাথা) কেটে এসব পোকা খেত নষ্ট করে দিচ্ছে। কীটনাশক ও নানা পদ্ধতি ব্যবহার করেও পোকা রোধ করতে না পারছেন না কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় জানায়, চলতি বছর উপজেলায় রোপা আমনের (উফশী) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৯৮ হেক্টর। আবাদ করা হয়েছে এক হাজার ৩৪৮ হেক্টর জমিতে। এ ছাড়া স্থানীয় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হেক্টর। আবাদ হয়েছে ৩২ হেক্টর জমিতে।
গতকাল সোমবার সরেজমিনে ছোটভাকলার কদমতলী গ্রামে দেখা গেছে, ধানের শিষ মরে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে ধান পেকে গেছে। পোকাগুলো দেখতে একধরনের ছটকা পোকার মতো। রোদ থেকে বাঁচতে এরা দিনে গাছের গোড়ায় লুকিয়ে থাকে। রাতে ধানের শিষ কেটে দেয়।
গ্রামের কৃষক সানো শেখ বলেন, এ বছর তিনি প্রায় পাঁচ বিঘা জমিতে রোপা আমনের চাষ করেছেন। এর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ‘ব্রি-৬২’ জাতের ধান রোপণ করেছেন দুই বিঘা জমিতে। বাকি জমিতে স্বর্ণা ও ব্রি-৩৩ রোপণ করেছেন। ব্রি-৬২ ছাড়া বাকি জমিতে শিষকাটা পোকার আক্রমণ ধরেছে। তিনি বাজার থেকে ওষুধ কিনে ছিটিয়েছেন। কিন্তু কাজ হয়নি।
কৃষক ইসমাইল মোল্লা বলেন, তিনি তিন বিঘা জমিতে ধান লাগিয়েছেন। প্রায় অর্ধেক জমির ধান পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে।
দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুর রহমান বলেন, শিষকাটা লেদাপোকা একধরনের ছটকার মতো দেখতে। সাধারণত বর্ষা চলে যাওয়ার পর ঠান্ডা আবহাওয়া থাকার সময় ও সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে এ পোকা ধানগাছের শিষ কাটতে শুরু করে। কৃষি দপ্তরের ভাষায় এটাকে সৈনিক পোকা বলে। এ পোকা যদি কোনো খেতে আক্রমণ করে তাহলে সেই খেত পুরো নষ্ট করে দেয়। তাই এ পোকার আক্রমণ হওয়া মাত্র কৃষককে দ্রুত লাইন ফাঁকা করে দিতে হবে। না হলে ধানগাছ এলিয়ে দিতে হবে। এতে ধানগাছের গোড়ায় রোদ পৌঁছাবে এবং তাপ সহ্য করতে না পেরে পোকাগুলো মারা যাবে।