ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) লেন মেনে ও সংকেতবাতি অনুযায়ী যানবাহন চলাচলের উদ্যোগ নিলেও চালক-মালিকদের অনেকেই তা মানছেন না। লেন ও সংকেত অমান্যসহ বিভিন্ন অপরাধে ডিএমপি যানবাহন চালক ও মালিকের বিরুদ্ধে গত তিন মাসে ৬৯ হাজার ১১৯টি মামলা করেছে। এ ছাড়া পুলিশ তিন মাসে রাজধানীতে এক হাজার ৮৮৮টি গাড়ি জব্দ করেছে। এ সময় ট্রাফিক আইন অমান্য ও মোটরযানসংক্রান্ত কাগজপত্র জালিয়াতির অভিযোগে ২২৫ জন চালককে আটক করা হয়। এক হাজার ৬০৫ জন চালকের লাইসেন্স জব্দ করা হয়। ডিএমপি গত ৮ ডিসেম্বর থেকে লেন মানার জন্য মাইকে চালকদের উদ্দেশে প্রচার অভিযান শুরু করে। পাশাপাশি ওই দিন শুরু করে বিশেষ অভিযান। অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও তাত্ক্ষণিক জরিমানা করা হয়।গত বৃহস্পতিবার ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হক তাঁর কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মামলা-জরিমানা করেও লাভ হচ্ছে না। মানুষ সচেতন না হলে পুলিশের একার পক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও রাজধানীর যানজট নিরসন কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, চালকদের মধ্যে অসচেতনতা আছে। চালক আইন অমান্য করলে যানবাহন আরোহীরাও এর কোনো প্রতিবাদ করে না। কমিশনার জানান, গত তিন মাসে পুলিশের অভিযানে তাত্ক্ষণিকভাবে জরিমানা আদায় হয়েছে ৩৯ লাখ ৫২ হাজার টাকা। যানবাহনের বিরুদ্ধে করা মামলার বিপরীতে আদায় হয়েছে আরও আট কোটি ৬১ লাখ টাকা। বৃহস্পতিবারের ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জোর করে কেউ চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বাস মালিকদের। এর পরও কাজ না হলেও সরাসরি তাঁর কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি।এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বাস্তবতার আলোকে মালিক-শ্রমিক সমিতির ব্যয় বাবদ ৭০ টাকা চাঁদা মেনে নিয়েছি। এর চেয়ে বেশি চাঁদা নেওয়া হচ্ছে না।’ তবে তিনি স্বীকার করেন, সমিতির চাঁদার বিষয়ে সরকারের কোনো নীতি নেই। সমিতি একটা ব্যয় নির্ধারণ করলে তাঁরা তো বাধা দিতে পারেন না।অতীতেও সমিতির পরিচালন ব্যয়ের নামে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়েছে। বর্তমানে রসিদ ছাড়া চাঁদা ওঠানো হচ্ছে—এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আর্কষণ করলে ডিএমপি কমিশনার বলেন, আগে কে কী করেছে সেটা জানি না। চাঁদাবাজির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। ৭০ টাকার বাইরেও চাঁদা নেওয়া হচ্ছে—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকেরা এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।’শহীদুল হক দাবি করেন, গত মঙ্গলবার কাউন্টারভিত্তিক বাস বন্ধের পেছনে চাঁদাবাজি নয়, আধিপত্য প্রতিষ্ঠাই মূল লক্ষ্য ছিল। চাঁদাবাজি হলে বাসমালিকেরা পুলিশের কাছে অভিযোগ করতেন। কমিশনার আশ্বস্ত করে বলেন, অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) অধীভুক্ত বাসমালিকদের ৭০ টাকা চাঁদা দিতে হবে না। কেউ এটা আদায় করতে চাইলে তাঁকে যেন জানানো হয়।