লেন নির্দেশক চিহ্ন অমান্য ও বেপরোয়া গতিই কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেন নির্দেশক চিহ্ন অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর এ কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। গত শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুরে মহিপুর বাজার এলাকায় ওই দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হন।
বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটির চালক মহাসড়কের লেন নির্দেশক চিহ্ন অমান্য করে অন্য লেনে উঠে পড়েছিলেন। গতি বেশি থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, রিকুইজিশন করা একটি ট্রাকে বেতারের বিকল মালামাল পুলিশ সদর দপ্তরে পাঠায় কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপত্তার খাতিরে মালামালগুলোর সঙ্গে একই ট্রাকে পুলিশের ছয়জন সদস্য এবং একজন পরিচ্ছন্নতাকর্মীকেও পাঠানো হয়। এর মধ্যে দুর্ঘটনায় আহত এসআই মইনুল ট্রাকের কেবিনে চালকের পাশের আসনে বসেছিলেন। আর অন্যরা কেবিনের ওপরে ট্রাকের ডালায় বসেছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়ার সহকারী পরিচালক কাজী মো. মোরছালিন প্রথম আলোকে বলেন, মোটরযান আইনে পণ্যবাহী ট্রাকে যাত্রী বা মানুষ পরিবহন দণ্ডনীয় অপরাধ। ট্রাকের কেবিনের ওপরের ডালাতেও যাত্রী পরিবহন নিষিদ্ধ। তবে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, ট্রাকে পুলিশের মালামাল ছিল। তাই নিরাপত্তার স্বার্থেই মালামালের সঙ্গে পুলিশকে ট্রাকে থাকা দরকার ছিল। এদিকে সারবাহী ট্রাকের চালক ফজলু মোল্লার বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় রোববার রাতে মামলা করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক রুবেল চৌধুরী। ফজলু মোল্লাকে আটক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাড়ি পাবনা জেলায়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহত আলমগীর হোসেনের লাশ রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মোকন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য শামসুল ইসলামের লাশ নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ গ্রামে রোববার রাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, পুলিশ সদস্য শাহজাহান কবিরের দাফন হয়েছে গতকাল বেলা ১১টার দিকে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, নিহত পুলিশ সদস্য প্রণব চন্দ্র রায়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনশ্যাম গ্রামে (মাঝিপাড়া)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর রোববার রাতে দাহ করা হয়।