লেনদেন ও রাজনৈতিক বিরোধ ঘিরে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা শেখ হাসিবুল হাসান হত্যার পর চার দিন পেরিয়ে গেলেও তদন্তে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ঘটনার পরদিন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লেনদেন নিয়ে ব্যক্তিগত বিরোধ এবং রাজনৈতিক বিরোধের ওপর গুরুত্ব দিয়ে তদন্ত এগোচ্ছে।
হাসিবুল হাসান ওরফে ইমন ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। খুলনা আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরদিন মঙ্গলবার সদর উপজেলার ধুলিহর ইউপির আমতলা বিলের চিংড়িঘের থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবে মুখে রক্তের দাগ ছিল। শ্বাসরোধে হত্যার পর লাশ কেউ ঘেরে ফেলে যায় বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার রাতে হাসিবুলের চাচা শেখ আলমগীর হাসান সাতক্ষীরা সদর থানায় হত্যায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাল রোববার পুনরায় রিমান্ড আবেদনের শুনানি হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, হাসিবুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাতক্ষীরার সুলতানপুর এলাকার শেখ মোস্তাফিজুর ওরফে মুরাদ, বকতিয়ার রহমান ওরফে বিপ্লব ও রেজাউল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বকতিয়ার রহমানের সঙ্গে হাসিবুলের লেনদেন ছিল। বকতিয়ারকে সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল হাসিবুলের। কিন্তু টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।