লেনদেন-বিরোধ: খুনের ঘটনায় বন্ধু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ শামীম নামের এক যুবককে খুনের ঘটনায় তাঁর বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। গত রোববার রাতে নগরের বাকলিয়া এলাকার একটি বাসা থেকে শামীমের বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২০ রাতে জুলাই শামীমকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পরে লাশ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নয়াগশ্চিহাট এলাকায় ফেলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইদ্রিস আলম। তিনি শামীমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ব্যবসায়িক লেনদেনের জের ধরে ইদ্রিস নিজ হাতে শামীমকে ঠান্ডা মাথায় হত্যা করেন। পরে লাশ দাফন থেকে শুরু করে মামলা-মোকদ্দমা করা পর্যন্ত নিহত শামীমের বাবাকে সহযোগিতা করেন ইদ্রিস। পুলিশ সূত্র জানায়, শামীমকে বাকলিয়ার বাসায় দাওয়াত দেন ইদ্রিস। ২০ জুলাই সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেই ইদ্রিসের বাকলিয়ার বাসায় যান শামীম। পূর্বপরিকল্পনা অনুযায়ী ইদ্রিস তাঁর স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। ওই দিন দুপুরে জুমার নামাজ পড়ে এসে ইদ্রিসের বাসায় গেলে শামীমকে শরবত খেতে দেওয়া হয়। শরবতের মধ্যে পাঁচটি কড়া মাত্রার ঘুমের বড়ি মেশানো ছিল। শামীম শরবত খেয়ে অচেতন হয়ে পড়েন।পুলিশ সূত্র আরও জানায়, ২০ জুলাই দিবাগত রাত দুইটার দিকে অচেতন শামীমের গলায় টাওয়েল পেঁচিয়ে শ্বাসরোধে ইদ্রিস নিজ হাতে হত্যা করেন। এরপর লাশ রেখে দেন খাটের পাশে। পরদিন ২১ জুলাই বাজার থেকে খাদ্যগুদামের ব্যবহূত একটি চটের বস্তা কিনে আনেন ইদ্রিস। ওই বস্তার ভেতরে শামীমের লাশ ঢুকিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সন্ধ্যার পর কাপ্তাই সড়কের দিকে রওনা হন ইদ্রিস। নয়াগশ্চিহাটের কাছে শামীমের লাশ ফেলে দেওয়া হয়। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নিহত শামীমের মামাশ্বশুরের বাড়ি হাটহাজারী খাদ্যগুদামের পাশে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শামীমের বাবার সুসম্পর্ক ছিল না। এ কারণে শামীমের হত্যাকাণ্ডের দায় তাঁর শ্বশুরবাড়ি ও মামাশ্বশুরদের ওপর চাপানোর চেষ্টা করেছিলেন ইদ্রিস।অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ২০১০ সালে শামীম ও ইদ্রিস যৌথভাবে ব্যবসা শুরু করেন। ব্যবসার টাকায় নগরের বায়েজিদ এলাকায় একখণ্ড জমি কেনা হয়, যেখানে ঘর তুলে বসবাস করে আসছিলেন শামীম। এই জমির মালিকানা হাতছাড়া হয়ে গেছে—এ আশঙ্কায় শামীমকে হত্যার পরিকল্পনা করেন ইদ্রিস, যার বাস্তবায়ন ঘটে ২০ জুলাই।