লেনিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।‘বিক্রমপুরের সংগ্রামী জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। লৌহজং উপজেলা কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আবদুল হামিদ, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান আখন্দ। এর আগে একটি বিক্ষোভ মিছিল কনকসার থেকে শুরু হয়ে লৌহজং উপজেলা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদসভায় বক্তারা বলেন, লেনিনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা লেনিনের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানান। এদিকে একই সময়ে শ্রীনগর উপজেলার প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুণ রশীদ।