লেপ-কাঁথা তৈরির ধুম
দিনের বেলা গরম পড়লেও রাতে হালকা ঠান্ডা শুরু হয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বরগুনার আমতলী উপজেলায় লেপ-তোশক প্রস্তুতকারী ধুনকরদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তাঁরা এখন ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে গ্রামের বিভিন্ন পরিবারে পড়ে গেছে কাঁথা সেলাইয়ের ধুম।উপজেলায় লেপ-তোশক প্রস্তুতকারী বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, মালিক-শ্রমিক, ধুনকরেরা এখন তুলাধুনা ও সেলাইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁরা জানান, শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা পছন্দমতো লেপ-তোশকের জন্য দোকানে বায়না দিয়ে রেখেছেন। ধুনকর ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, ভালো মুনাফা ও বেশি বিক্রির আশায় তাঁরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। ক্রেতারাও এগুলো তৈরির জন্য ভিড় করছেন। আমতলী উপজেলা শহরের নুরজাহান ক্লাব রোড ও জামে মসজিদ সড়কে ২০টির মতো লেপ-তোশকের দোকান রয়েছে।দোকানের মালিক বশির মিয়া জানান, সময়মতো লেপ-তোশক সরবরাহ দেওয়ার জন্য তাঁরা এখন ব্যস্ত। সারা বছরের মধ্যে এ মৌসুমেই তাঁরা কাজের বেশি চাহিদা পান। ফলে এ সময় তাঁদের কাজ বেশি করতে হয়। এক মৌসুমের আয় দিয়েই তাঁদের পুরো বছর চলতে হয়। কারিগর ইউসুফ মিয়া জানান, শীত শুরু হতে না-হতেই তাঁদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। তাঁরা চার থেকে পাঁচ হাতের একটি লেপ দুই ঘণ্টায় তৈরি করে দিতে পারেন। এদিকে শীতের শুরুতেই উপজেলার বিভিন্ন গ্রামের গৃহবধূরা কাঁথা সেলাই শুরু করে দিয়েছেন। অনেক পরিবারই রয়েছে, যারা কাঁথা সেলাইয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে।বৈঠাকাঠা গ্রামের মরিয়ম বেগম জানান, শহরের অনেক মধ্যবিত্ত পরিবার শীত আসার সঙ্গে সঙ্গে তাঁদের কাছে কাপড় সরবরাহ করেন। নকশাভেদে একেকটি কাঁথা সেলাই করতে মজুরি বাবদ দেওয়া হয় ২০০ থেকে ৩০০ টাকা। সাংসারিক ঝক্কিঝামেলা থাকলেও তাঁর মতো অনেক গৃহবধূ কাজের ফাঁকে ফাঁকে এভাবে প্রতিবছর ১০ থেকে ১৫টি কাঁথা সেলাই করে নগদ আয় করছেন।