লেপের ওমে স্বাবলম্বী ১৮০ পরিবার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলনিপাড়া গ্রামের ১৮০টি পরিবার লেপ তৈরি করে এখন স্বাবলম্বী। অভাব আর তাদের দুয়ারে হানা দিতে পারে না। শীত মৌসুম ঘিরে এ ব্যবসা আরও জমে উঠেছে।
গ্রামটির কয়েকজন বলেন, তাঁদের গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। বেশির ভাগ মানুষ গরিব। এ গ্রামের রইচ উদ্দিন দিনমজুরের কাজ করতেন। একসময় তিনি পাশের লক্ষ্মীপুর থেকে তৈরি করা লেপ এনে গ্রামে গ্রামে বিক্রি করতেন। এ থেকে যা আয় হতো, তা দিয়ে কোনোমতে সংসার চলত। পরে তিনি নিজেই লেপ তৈরি শুরু করেন। তাঁর সাফল্য দেখে জাহেদা খাতুন লেপ তৈরি শুরু করেন। এভাবে ১৮০টি পরিবার এখন লেপ তৈরি করে স্বাবলম্বী হয়েছে।
রইচ উদ্দিন বলেন, ‘আমাদের গ্রামে অভাব-অনটন লেগেই থাকত। এখন লেপ তৈরির কাজ করে অনেকের ভাগ্য পাল্টেছে। নিম্ন আয়ের মানুষ এখানকার লেপের ক্রেতা। শীত মৌসুমে লেপের চাহিদা বেশি। কিন্তু মূলধনের অভাবে চাহিদামতো লেপ তৈরি করা যাচ্ছে না। কোনো ব্যাংকে ঋণের সুবিধা পাচ্ছি না।’
লেপ তৈরিকারক কয়েকজন বলেন, ঝুট দিয়ে চার হাত প্রস্থ ও পাঁচ হাত দৈর্ঘ্যের একটি লেপ তৈরিতে উৎপাদন খরচ পড়ে ৩৫০ থেকে ৪০০ টাকা। প্রতিটি লেপ বিক্রি হয় ৪৫০ থেকে ৫০০ টাকা। একজন ব্যক্তি দৈনিক পাঁচ থেকে সাতটি লেপ তৈরি করতে পারেন। রংপুর ও গাইবান্ধা থেকে পাইকারেরা এ গ্রামে গিয়ে লেপ কিনে নিয়ে যান। অনেকে বাইসাইকেলে ফেরি করেও লেপ বিক্রি করেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গ্রামটির ঘরে ঘরে লেপ তৈরি করা হচ্ছে। নারীরা লেপ সেলাইয়ে ব্যস্ত। কেউ ঘরের ভেতর, কেউ বাড়ির উঠোনে, কেউ আঙিনায় লেপ তৈরি করছেন। দিনরাত চলছে সেলাই। ব্যস্ত হাত সবার। শিশুরা মায়ের কাজে সহায়তা করছে।
এ সময় জাহেদা খাতুন বলেন, ‘আমি প্রায় ১৫ বছর ধরে লেপ তৈরির কাজ করছি। প্রথমে একটা লেপ সেলাই করতে সারা দিন লাগত। এখন দিনে ছয়-সাতটি লেপ সেলাই করতে পারি। মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করছি।’
স্কুলছাত্রী মনোয়ারা খাতুন ও মোছা. শরিফা জানায়, তারা পড়াশোনার ফাঁকে মাকে লেপ সেলাইয়ে সহযোগিতা করে। অনেক সময় অন্যের সেলাইয়ের কাজ করে বাড়তি আয় করে তারা। সেই আয়ে পকেট খরচ চলে।
জানতে চাইলে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলনিপাড়া গ্রামের ঘরে ঘরে ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। এ কাজে তাঁদের উৎসাহ দেওয়া হচ্ছে। তাঁরা বিসিক থেকে যাতে সহায়তা পায়, সে চেষ্টা করব।’