লেবানন থেকে তলব হওয়া রাষ্ট্রদূত দেশে
লেবানন থেকে তলব করা রাষ্ট্রদূত গাউসুল আজম সরকার গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। দূতাবাসের কার্যক্রম পরিচালনায় অব্যবস্থাপনা ও ব্যক্তিগত অসদাচরণের অভিযোগে গত ১৭ জুলাই তাঁকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরবর্তী দাপ্তরিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত গাউসুল আজম সরকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ঢাকায় অবস্থান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত ২০ জুলাই তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘একটি দূতাবাসে যখন অভ্যন্তরীণ সমন্বয় ও প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ে, তখন তো সংশ্লিষ্ট দূতাবাসের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় থাকে না। এর আগে এ বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছিল। ওই বিষয়গুলো নিয়ে তদন্ত করা হয়েছিল। পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেননি বলেই তাঁকে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশে দেশের ভাবমূর্তি এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় ফিরে আসার পর তাঁর বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা, তা নেওয়া হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগে লেবাননে রাষ্ট্রদূত পদে যোগ দেওয়ার পর থেকে দূতাবাসের কর্মকাণ্ড পরিচালনায় সহকর্মীদের সঙ্গে সমন্বয় ছিল না গাউসুল আজম সরকারের।