লেবানন থেকে ফিরছেন ৩৫০ অবৈধ বাংলাদেশি
লেবাননে আটকে পড়া বাংলাদেশের প্রায় সাড়ে তিন শ নাগরিককে এবারের ঈদের আগে দেশে ফেরত পাঠাচ্ছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে আগামী শুক্র ও শনিবার প্রথম দফায় দেশে ফিরছেন ৩০ জন। বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।
পশ্চিম এশিয়ার দেশটিতে এখন এক লাখ ৩০ হাজার বাংলাদেশি মূলত গৃহকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের একটি অংশ বিপণি বিতান, আসবাবপত্রের দোকান, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। কিছু লোকজন কৃষি খামার ও নির্মাণ শিল্পের কাজে যুক্ত।
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে, যাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এদের মধ্যে অধিকাংশই দুই থেকে আট বছর ধরে লেবাননে অবস্থান করছেন। লোকজনের অবৈধ হয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে, বাংলাদেশ থেকে চুক্তিতে কাজে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে এসব লোকজন ওই কর্মক্ষেত্র ছেড়ে পালিয়ে যান। বাংলাদেশের কর্মীরা পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর লেবাননের চাকরিদাতা তাদের বিরুদ্ধে চুরির মামলা ঠুকে দেন। বাংলাদেশের একেকজন শ্রমিক সংগ্রহের জন্য তাদের গড়ে দুই হাজার মার্কিন ডলার খরচ করতে হয়, অপেক্ষায় থাকতে হয় বেশ কয়েক মাস। দালালের খপ্পরে পড়ে বাংলাদেশের লোকজনের পালিয়ে যাওয়ার বিষয়টিকে ক্ষমার চোখে দেখছে না, লেবাননের নিয়োগ কর্তারা। ফলে বাংলাদেশের লোকজন কর্মস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের লেবাননে সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে।