লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন ১৩৫ নৌসদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ব্যানকন-৭-এ (ইউনিফিল) যোগদানের জন্য নৌবাহিনীর ১৩৫ সদস্যের প্রথম দলটি গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ২২ জুন দ্বিতীয় দলে আরও ১৩৫ জন নৌসদস্য লেবাননের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।
এই সদস্যরা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নিমূর্ল’-এ যোগদান করবেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দর ত্যাগ করার সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম শেরাফুল্লাহ লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।
আইএসপিআর জানিয়েছে, বর্তমানে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে মোতায়েন রয়েছে। জাহাজ দুটি লেবানন ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি লেবাননের জলসীমায় এই জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধারে তৎপরতা এবং লেবাননের নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করছে।
বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সঙ্গে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে।