লেবু কি কেবলই টক!

লেবুর স্বাদ টক হলেও এই গাছের লেবু মিষ্টি। সিলেটের কৃষি প্রযুক্তিমেলা থেকে মিষ্টি লেবুগাছের এই ছবি গতকাল তোলা l প্রথম আলো
লেবুর স্বাদ টক হলেও এই গাছের লেবু মিষ্টি। সিলেটের কৃষি প্রযুক্তিমেলা থেকে মিষ্টি লেবুগাছের এই ছবি গতকাল তোলা l প্রথম আলো

লেবুর স্বাদ কেমন—এমন প্রশ্ন করাই হয়তো বোকামি! লেবু তো সব সময়ই টক...তবে সিলেটের কৃষিপ্রযুক্তি মেলায় গেলে এ ভুল ভাঙবে। লেবু কেবল টকই হয় না, মিষ্টিও হয়।
সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত গতকাল ওই মেলায় গিয়ে দেখা গেছে, ক্রেতা-দর্শনার্থী সবার আগ্রহ ছিল মিষ্টি লেবুগাছকে ঘিরে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জৈন্তাপুর উপজেলা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার বলেন, ফেব্রুয়ারি মাসে জৈন্তাপুরের একটি টিলা থেকে ফুল ধরা অবস্থায় মিষ্টি লেবুর এই চারা সংগ্রহ করা হয়। গাছে ফল আসে এপ্রিলে। ফলের রং সবুজ। তবে পাকলে হলদেটে দেখাবে। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি ফলটি পরিপক্ব হবে। এ অবস্থায় একেকটি লেবুর ওজন হবে ১২ থেকে ১৫ গ্রাম। প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি লেবু ধরে। এই লেবুতে মিষ্টতার পরিমাণ টিএসএস ৭ দশমিক ২ ভাগ।
এই বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, জৈন্তাপুরসহ সিলেট অঞ্চলে আগে প্রচুর পরিমাণে মিষ্টি লেবুর গাছ থাকলেও এখন এসব গাছ প্রায় বিলুপ্ত। মিষ্টি লেবুর যে চারাটি সংগ্রহ করা হয়েছে, এতে ফল ধরার পর পুনরায় ফুলও ধরেছে। ফল পরিপক্ব হলে বীজ সংগ্রহ করে গাছের চারা তৈরি করা হবে। এরপর এসব চারা বাজারজাত করার উদ্যোগ নেওয়া হবে।
মিষ্টি লেবুগাছ ছাড়াও মেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জৈন্তাপুর উপজেলা কার্যালয়ের স্টলে সাতকরা, কমলা, মাল্টা, গোলমরিচ, কামরাঙা, তৈকর, জামরুল, লিচু, জলপাইসহ নানা ফলের গাছ মিলবে।
আয়োজকেরা জানান, মেলায় প্রদর্শনীর জন্য কৃষিকাজে ব্যবহৃত লোকপ্রযুক্তিসহ আধুনিক কৃষি যন্ত্রপাতিও রয়েছে। এ ছাড়া কৃষকেরা মেলায় উপস্থিত হয়ে বীজতলা শোধন, বর্ষাকালীন সবজি চাষ, পুকুরপারে পরিকল্পিত সবজি ও ফল চাষ, আলোর ফাঁদ তৈরি, সার উৎপাদনসহ নানা বিষয়ে হাতেকলমে পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন। মেলায় ২০ জন চাষির মধ্যে বিষমুক্ত কুমড়াজাতীয় সবজি উৎপাদনের জন্য পরিবেশবান্ধব ফেরোমন ট্রেপ বিতরণ করা হয়।
শহরের ধোপাদিঘিরপাড় এলাকায় অধিদপ্তরের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার। এতে ১৩টি স্টল রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।
গতকাল বেলা সাড়ে তিনটায় শোভাযাত্রার মধ্য দিয়ে মেলা শুরু হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আল আমীন।