লেবুখালী ফেরিঘাট এলাকায় নৌকাডুবি একজন নিখোঁজ
পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকায় পায়রা নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে অমূল্য বৈদ্য (৫৫) নামের একজন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই নৌকাডুবির পর অমূল্যর ভাই বাসু বৈদ্য, এলাকার মিনি রানী, আশীষ কুমার ও সুমন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অমূল্য নিখোঁজ থাকেন। নিখোঁজ অমূল্যর বাড়ি জেলার দুমকী উপজেলার পাঙ্গাশিয়া এলাকার আলগী গ্রামে। পারিবারিক ও স্থানীয় লোকজন জানান, উপজেলার লেবুখালী এলাকায় মেশিনে ধান ভেঙে সাত মণ চালসহ অমূল্য, তাঁর ভাইসহ এলাকার পাঁচজন মিলে বৈঠা নৌকায় করে তাঁদের বাড়ি অলগীর উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে নৌকাটি খাল থেকে বেরিয়ে পায়রা নদীতে পড়লে পানির প্রবল স্রোতে লেবুখালী ফেরির পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অমূল্য নিখোঁজ রয়েছেন।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, ফেরির পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে বৈঠা নৌকাটি ডুবে যায়। নিখোঁজ অমূল্যকে উদ্ধার অভিযানে পুলিশের একটি দল কাজ করছে।