লেবুখালী ফেরিঘাট থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা নিখোঁজ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩২) গত রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন। রাতে একটি যাত্রীবাহী বাসে ঢাকা যাওয়ার সময় দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, জহিরুল ইসলাম ব্যবসার কাজে রোববার রাত সাড়ে নয়টায় শাখারিয়া এলাকা থেকে যাত্রীবাহী বাস সাকুরায় ঢাকা রওনা দেন। রাত সোয়া ১০টার দিকে বাসটি লেবুখালী ফেরিঘাট পৌঁছলে তিনি বাস থেকে নামেন এবং এরপর থেকেই তিনি নিখোঁজ। বাসের সুপারভাইজার ইউসুফ জানান, ফেরির অন্য বাসের যাত্রীরা একজনকে ফেরির পন্টুন থেকে নদীতে পড়তে দেখেছে শুনে তাঁরাও খোঁজাখুঁজি শুরু করেছেন। জহিরুলের চাচা ডা. ফজলুর রহমান জানান, খবর পেয়ে তাঁরা ছুটে এসেছেন লেবুখালী ফেরিঘাটে। গত সোমবার দিনভর ফেরিঘাটের নদীতে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করেও জহিরুলের কোনো সন্ধান মেলেনি।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, ধারণা করা হচ্ছে, ফেরি আসতে দেরি দেখে রাতের আঁধারে পন্টুনে গিয়ে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। নদীর দুই পাড়ে মাইকিং করা হচ্ছে। বরিশাল থেকে ডুবুরির দল এসে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে গেছে। হামজা থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে রওনা দিয়েছে।