লেবুখালী ফেরিঘাটে কয়েক শ যানবাহন আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটের উত্তর পারে গ্যাংওয়ের বেইলি সেতুটি গতকাল শুক্রবার ভোররাতে বিধ্বস্ত হয়েছে। এর পর থেকে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে পটুয়াখালীর সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ। আটকা পড়েছে কুয়াকাটায় আসা পর্যটকবাহী গাড়িসহ কয়েক শ যানবাহন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ভোররাত চারটার দিকে বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গেলে সেতুটি বিধ্বস্ত হয়।পটুয়াখালী সড়ক বিভাগের অধীন লেবুখালী ফেরির তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুস জানান, মাত্রাতিরিক্ত বোঝাইয়ের কারণে ফেরির বেইলি সেতুটি বিধ্বস্ত হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহনেওয়াজ জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে।এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় নদীর দুই পারে কয়েক শ যানবাহন আটকে পড়েছে। কাছের যাত্রীরা ট্রলার ও নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। তবে বেশি দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, দ্রুতগতিতে সেতুটি মেরামতের কাজ চলছে। এর জন্য বিভাগীয় শহর বরিশাল থেকে লোকবল ও যন্ত্রপাতি আনা হয়েছে।