লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি: মির্জা আব্বাসের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এখনো ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। আজ বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে অংশগ্রহণ বিএনপির আন্দোলনে একটি অবিচ্ছেদ্য অংশ।
মির্জা আব্বাস এখনো কেন মাঠে নামেননি-এমন প্রশ্নের জবাবে তাঁর স্ত্রী বলেন, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ করার দায়িত্ব সরকারের। সবাই যেন মাঠে নামতে পারেন, সে দায়িত্বও সরকারের। আব্বাস যদি জামিন না পান, তাহলে তো তিনি মাঠে নামতে পারবেন না। তাঁর হয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের নামেও মামলা আছে। তাঁরা জামিন না পেলেও তো তাঁদেরও ধরে নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস জামিন পাবেন এবং অবিলম্বে নির্বাচনী প্রচারে মাঠে নামবেন।
এরপর শান্তিপুর স্কুলের সামনে ও এর আশপাশের এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে, স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালান। আজ বিকেল চারটার দিকে মতিঝিল এলাকায় মির্জা আব্বাসের সমর্থনে প্রচার চালানো হবে বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মিন্টু।