লেহেঙ্গায় বেসামাল ঈদবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি দোকানে ম্যানিকিনকে পড়ানো লেহেঙ্গা l প্রথম আলো
একটি দোকানে ম্যানিকিনকে পড়ানো লেহেঙ্গা l প্রথম আলো

দোকানের ঠিক সামনেই সারিবদ্ধভাবে টাঙিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটি শারারা লেহেঙ্গা। কজন তরুণী এগুলো নাড়াচাড়া করে দেখছেন। একটি লেহেঙ্গার দাম লেখা ৮ হাজার টাকা। দোকানিকে দাম জিজ্ঞেস করতেই বললেন, পোশাকটির দাম ৪ হাজার ৬০০ টাকা। তারপরও দামাদামি করে কেনা যাবে।
গত মঙ্গলবার ঈদের বেচাকেনার হালচাল দেখতে গিয়ে সিলেট নগরের বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের তৃষ্ণা ফ্যাশন নামের দোকানে এই চিত্র দেখা গেল।
এদিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের ছয়টি বিপণিবিতান ঘুরে ১৯টি দোকানে দামের এমন হেরফের দেখা গেছে। প্রায় একই নকশা ও কাপড় হলেও একেক দোকানি একেক রকম দাম হাঁকেন লেহেঙ্গাগুলোর।
সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তৃষ্ণা ফ্যাশনের স্বত্বাধিকারীর ছোট ভাই মাহবুব রহমান বলেন, ‘দামের জায়গায় ভুলবশত কাপড়ের কোড নম্বর লেখা হয়ে গেছে। আসলে এর দাম ৪ হাজার ৬০০ টাকা হাঁকা হচ্ছে। তারপরও দর-কষাকষি করে ক্রেতারা কিনতে পারবেন।’
একই বিপণিবিতানের সায়ীদা লেডিস শপ দোকানে জর্জেট, নেট, লিনেন, সুতিসহ নানা কাপড়ের লেহেঙ্গা বিক্রি হচ্ছে। দোকানিরা বলেন, ৩ হাজার থেকে ১০ হাজার টাকায় তাঁদের লেহেঙ্গা বিক্রি হচ্ছে। এ দোকানটির স্বত্বাধিকারীর ছোট ভাই ইমরান আহমদ বলেন, তাঁদের একটি শারারা লেহেঙ্গা সাড়ে ৯ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে দোকানগুলোতে দেখা গেছে, প্রায় একই ধরনের কাপড় ও নকশার লেহেঙ্গা হওয়া সত্ত্বেও কেবল বিপণিবিতানের মানের ভিত্তিতে দামেরও হেরফের হচ্ছে। এ কারণে যে লেহেঙ্গা হাসান মার্কেটে ৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে, সেই লেহেঙ্গাই জিন্দাবাজার কিংবা নয়াসড়ক এলাকার কোনো বিপণিবিতানে বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়।
নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাপড় কেনাকাটার বিপণিবিতান হিসেবে পরিচিত হাসান মার্কেট। সেখানকার চার ব্যবসায়ী বলেন, তাঁরা যেসব লেহেঙ্গা বিক্রি করেন সেগুলো ভারতীয়। প্রায় একই ধরনের পোশাক জিন্দাবাজার, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় অবস্থিত অত্যাধুনিক বিপণিবিতানগুলোতেও পাওয়া যায়। কিন্তু সেগুলো ৫ হাজার থেকে ১০ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এই অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন অত্যাধুনিক বিপণিবিতানের কয়েকজন ব্যবসায়ী।
ব্যবসায়ীরা বলেছেন, এবার শারারা লেহেঙ্গার চাহিদা সবচেয়ে বেশি। এই লেহেঙ্গার মধ্যে আবার থ্রি-পিস, ফোর-পিস ও ফাইভ-পিস রয়েছে। তবে এসব লেহেঙ্গার নির্দিষ্ট কোনো দর নেই। একেক দোকানে একেক দাম হাঁকা হচ্ছে। জিন্দাবাজার এলাকার অত্যাধুনিক বিপণিবিতান ব্লু-ওয়াটার শপিং সিটিতে গিয়ে দেখা যায়, এখানে শারারা লেহেঙ্গার দাম ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। সেখানকার লেডি কুইন দোকানে যে লেহেঙ্গা ৬ হাজার টাকা চাওয়া হয়েছে, প্রায় একই লেহেঙ্গা মাত্র ১২ গজ দূরে অবস্থিত পাশের পাইনাপেল দোকানে হাঁকা হচ্ছে ৮ হাজার টাকা।