ঝিনাইদহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছেন স্থানীয় দুজন সাংসদ। নিয়োগ-বাণিজ্যের জন্য তাঁরা নিয়মটি চালু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ওই ধরনের কোনো নিয়ম না থাকলেও তা মানতে বাধ্য করা হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ করতে হলে প্রথমে একটি নিয়োগ বোর্ড গঠন করতে হয়। এই নিয়োগ বোর্ডের প্রধান হন অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) একজন প্রতিনিধি। আরও থাকেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রতিষ্ঠানের প্রধান, একজন শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষা কর্মকর্তা। এ ছাড়াও যে বিষয়ে শিক্ষক নিয়োগ হবে, প্রয়োজন মনে করলে সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ নিতে পারেন ডিজির প্রতিনিধি। বোর্ড গঠনের সময় ডিজির প্রতিনিধি চূড়ান্ত করতে প্রতিষ্ঠানের প্রধানেরা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করেন। এরপর মাধ্যমিক শিক্ষা কার্যালয় ওই প্রতিনিধি মনোনয়ন চূড়ান্ত করে।
কিন্তু ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাংসদ নবী নেওয়াজ তাঁদের সংসদীয় ওই চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে ডিজির প্রতিনিধি নিয়োগের আগে তাঁদের কাছ থেকে ডিও লেটার নেওয়ার নিয়ম চালু করেছেন। এই ডিও লেটার জমা না দিলে ডিজির প্রতিনিধি মনোনয়ন দিচ্ছে না জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, সাংসদ তাহজীব আলম সিদ্দিকী লিখিতভাবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডিও লেটার নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সাংসদ নবী নেওয়াজ মুঠোফোনে একই নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁরা এই নিয়ম চালু করেছেন।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তিনি কয়েক দিন আগে এই জেলায় যোগদান করেছেন। এখানে এসে দেখেন এই নিয়ম চালু রয়েছে। শিক্ষা অধিদপ্তরে এ জাতীয় কোনো নিয়ম নেই। সদ্যবিদায়ী শিক্ষা কর্মকর্তা মকছেদুল ইসলাম বলেন, তাঁর কাছে চিঠি পাঠিয়ে ও মুঠোফোনে মৌখিক নির্দেশ দিয়ে ওই দুই সাংসদ নিয়মটি চালু করার নির্দেশ দেন। যে কারণে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ডিও লেটার চান। যদিও ডিও লেটার চাওয়াটা বেআইনি। শিক্ষকেরা অভিযোগ করেছেন, নিয়োগ-বাণিজ্যের সুবিধার্থে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে লোকবল নিয়োগ হচ্ছে—তা জানার জন্যই সাংসদেরা এই নিয়ম চালু করেছেন।
কোটচাঁদপুর উপজেলার শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ জানান, সম্প্রতি তাঁদের বিদ্যালয়ে বিএসসি (গণিত) বিষয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বোর্ড গঠন করতে গত ৮ মে তিনি জেলা শিক্ষা কার্যালয়ে ডিজির প্রতিনিধি মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু ওই কার্যালয় থেকে লিখে দেওয়া হয়, ডিও লেটারের মাধ্যমে সাংসদের সুপারিশ লাগবে। এরপর তিনি বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামকে জানান। নজরুল ইসলাম কোটচাঁদপুরের বলুহর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং যুবলীগের ওই ওয়ার্ডের সভাপতি।
নজরুল ইসলাম বলেন, তিনি ডিও লেটার নিতে সাংসদ নবী নেওয়াজের কাছে যান। সাংসদ তাঁর একান্ত সচিব (পিএস) রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর রিয়াজুলের সঙ্গে তিনি যোগাযোগ করেন। কিন্তু রিয়াজুল তাঁর কাছে অর্থ দাবি করেন। ওই অর্থ না দেওয়ায় তাঁদের বিদ্যালয়ে নিয়োগ-প্রক্রিয়া শুরু করা যায়নি।
ওই বিদ্যালয়ের শিক্ষক পদের একজন প্রার্থী পরিচয় দিয়ে মুঠোফোনে পিএস রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিয়োগ পেতে হলে সাংসদকে টাকা দিতে হবে বলে জানান। তিনি বলেন, দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন। কত টাকা দিতে হবে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে উল্লেখ করেন।
ঝিনাইদহ-২ সংসদীয় এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানান, তাঁরা ডিও লেটার নিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মাধ্যমে। সাংসদ ঢাকায় অবস্থান করায় তাঁকে ঠিকমতো পাওয়া যায় না। এ ক্ষেত্রে নেতারা সাংসদের নাম ব্যবহার করে অর্থ দাবি করেন।
জানতে চাইলে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের সাংসদ তাহজীব আলম বলেন, এই ডিও লেটার দেওয়ার প্রথা তিনি না বুঝে চালু করেছেন। তিনি এই প্রথম সাংসদ নির্বাচিত হয়েছেন। অনেক ক্ষেত্রে স্থানীয় নেতাদের ওপর তাঁকে নির্ভর করতে হয়। স্থানীয় নেতারা তাঁর সামনে কাগজ ধরলে তিনি স্বাক্ষর করে দেন। তিনি কোনো নিয়োগ-বাণিজ্য করেননি বলে দাবি করেন। সাংসদ নবী নেওয়াজের মুঠোফোনে গত কয়েক দিন থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।