লোকবল ও জমির সংকট, নেই আধুনিক যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রে তীব্র লোকবলসংকট চলছে। যুগোপযোগী আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। সংকট রয়েছে ফল ও সবজির গবেষণার জন্য জমির।

আমের সার্বিক উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে ১৯৮৫ সালে আম গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ১৯৯০ সালে উদ্যানতাত্ত্বিক ফসলের (ফুল, ফল ও সবজি) গবেষণার জন্য এই নাম পরিবর্তন করা হয়। তখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে প্রতিষ্ঠা করা হয় এই আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্র।

গবেষণাকেন্দ্রটির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আম গবেষণাকেন্দ্র হিসেবে যাত্রা শুরুর সময় থেকেই বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তার পদের সংখ্যা ১৯টি। এরপর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রে উন্নীত করা হলেও লোকবল পদের সংখ্যা বৃদ্ধি করা হয়নি। বর্তমানে মাত্র সাতজন বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার (সিএসও) পদ একটি। সেটি প্রায় শুরু থেকেই শূন্য। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (পিএসও) পদ দুটি। কিন্তু কখনোই দুজন পিএসও একসঙ্গে কর্মরত ছিলেন না। একজন পিএসও ভারপ্রাপ্ত হয়ে সিএসওর কাজ চালিয়ে আসছেন। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার (এসএসও) পদ ছয়টি। এর মধ্যে কর্মরত চারজন। বৈজ্ঞানিক কর্মকর্তার পদ ১০টি। এর মধ্যে কর্মরত মাত্র দুজন। গবেষণাগার ও মাঠপর্যায়ে বৈজ্ঞানিক কর্মকর্তাদের সহায়তার জন্য ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারীর পদ রয়েছে তিনটি। কিন্তু আছেন মাত্র একজন। বৈজ্ঞানিক সহকারীর চারটি পদের মধ্যে আছেন মাত্র একজন। অন্যদিকে গবেষণাগারের অবস্থা খুবই করুণ। যুগোপযোগী আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। তা ছাড়া গবেষণা হওয়ার কথা উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, কীটতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান তত্ত্বসহ আনুষঙ্গিক বিষয়ে। কিন্তু উদ্যানতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব ছাড়া অন্যান্য বিষয়ে কোনো গবেষণা হয় না। অথচ কীটতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান ছাড়া গবেষণাকর্ম পূর্ণাঙ্গ হয় না। এসব বিষয়ে গবেষণার জন্য কোনো বৈজ্ঞানিক কর্মকর্তাও নেই।

সম্প্রতি জানতে চাইলে উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা প্রথম আলোকে বলেন, বাংলাদেশে ৭০ রকমের ফল রয়েছে। সবজি রয়েছে ৯০ রকমের। আর বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য রয়েছে বহু প্রজাতির ফুল। চাঁপাইনবাবগঞ্জেই একসময় ছিল ২০০ থেকে ২৫০ প্রজাতির আম। কিন্তু সংরক্ষণের অভাবে ইতিমধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। যেগুলো আছে তার মধ্যেও ভালো জাতেরগুলো সংরক্ষণ করা দরকার। নইলে বিলুপ্ত জাতের তালিকা আরও দীর্ঘ হবে। অথচ এসব আমের জাত সংরক্ষণের জন্য গবেষণাকেন্দ্রে পর্যাপ্ত স্থান নেই। লোকবলসংকট তো আছেই। এ ছাড়া ৩০ একর জমির মধ্যে চার একর জমিতে রয়েছে অফিস ও বাসভবন। অন্যান্য ফল ও সবজির গবেষণার জন্য জমি নেই বললেই চলে। এত সীমাবদ্ধতার মধ্যেও এ গবেষণাকেন্দ্রে আম ছাড়াও সীমিতভাবে গবেষণা হচ্ছে বরই, বেল, শরিফা ও ডালিম নিয়ে। ইতিমধ্যে এ গবেষণাকেন্দ্র থেকে আটটি উন্নত জাতের আম অবমুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো অবমুক্ত করা হয়েছে বেলের একটি জাত বারি বেল ১। বারি কুল-৫ অবমুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।