লোকবল ও শয্যার সংকট সিসিইউতে সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লোকবল ও শয্যার সংকট প্রকট আকার ধারণ করছে। এতে হৃদ্রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বারান্দার মেঝেতে শুয়ে এপাশ-ওপাশ করছেন মছিরন বেগম (৮১)। হৃদ্রোগের সমস্যা নিয়ে গত মঙ্গলবার তিনি ভর্তি হয়েছেন। তাঁর মতো ২৮ জন হৃদ্রোগীর ঠাঁই মিলেছে হাসপাতালের বারান্দার মেঝেতে। আর শয্যায় রয়েছেন ২৮ জন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২০ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের হৃদ্রোগীদের চিকিৎসার জন্য ২০০৬ সালের ১২ অক্টোবর এ হাসপাতালে ২৮ শয্যার সিসিইউ চালু করা হয়। এর মধ্যে জরুরি ওয়ার্ডে ৬টি, পুরুষ ওয়ার্ডে ১৫টি, মহিলা ওয়ার্ডে ৫টি ও মুক্তিযোদ্ধাদের জন্য ২টি সংরক্ষিত শয্যা রয়েছে। ২০১০ সালের ২৯ জানুয়ারি সিসিইউর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। চিকিৎসক, নার্সসহ ৮৯টি পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে ২ জন সিনিয়র কনসালট্যান্ট, ৪ জন জুনিয়র কনসালট্যান্ট, ৮ জন জরুরি চিকিৎসা কর্মকর্তা এবং ১২ জন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা। কিন্তু কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালের অন্যান্য বিভাগ থেকে চিকিৎসক, নার্স ও কর্মচারী এনে কোনোমতে চালু রাখা হয়েছে বিশেষায়িত এই ইউনিট। দেওয়া হয় মূল্যবান যন্ত্রপাতি, কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই।
জানতে চাইলে জুনিয়র কনসালট্যান্ট মোহাম্মাদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে এ ইউনিটে যশোর মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক এবং তিনিসহ হাসপাতালের দুজন জুনিয়র কনসালট্যান্ট কর্মরত আছেন। এ ছাড়া অন্য বিভাগের তিনজন চিকিৎসা কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ১৪ নার্স ও ১৪ জন কর্মচারী রয়েছেন। এদিকে প্রায় সাত বছর ধরে ইটিটি মেশিন এবং ১২ ইনফিউশন পাম্পের সব কটি নষ্ট হয়ে আছে। তিনটি ইসিজি মেশিনের দুটিই অকেজো। একটি ইসিজি মেশিন সচল থাকলেও দীর্ঘদিন ধরে এর পেপার সরবরাহ বন্ধ রয়েছে। এসব কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়। এরপরও তাঁরা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন।
যশোরের চৌগাছা উপজেলার ভগবানপুর গ্রামের গৃহবধূ সেলিনা বেগম (৪৮) বলেন, তিনি গত শুক্রবার ভর্তি হয়েছেন। শয্যা না থাকায় বারান্দার মেঝেতে বিছানা পেতে আছেন। তাঁর দম আটকে যাচ্ছে। মাথায় প্রচণ্ড ব্যথা হয়। চিকিৎসক মাঝেমধ্যে এসে খোঁজ নিচ্ছেন।
সদর উপজেলার নাজির শংকরপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাস (৭২) সাত দিন ধরে কথা বলতে পারছেন না। বুকে ব্যথা অনুভব করায় গত শুক্রবার সন্ধ্যায় এখানে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘শয্যা এখনো পাইনি। বারান্দায় আছি।’
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুগীহোধা গ্রামের কৃষক ইসলাম উদ্দীন (৬০) হৃদ্রোগের সমস্যা নিয়ে শুক্রবার ভর্তি হয়েছেন। তিনিও বারান্দার মেঝেতে বিছানা পেতে শুয়ে আছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, এ ইউনিটের প্রধান সমস্যা লোকবলের সংকট। তবে এ সংকট নিরসনে লোকবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। রোগীর তুলনায় শয্যার সংখ্যা অনেক কম। আইসিইউ জরুরি। যন্ত্রপাতি যা আছে, তা দিয়ে আপাতত রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে আধুনিক যন্ত্রপাতি দরকার।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের দিনমজুর আবুল কাসেম (৫২) গতকাল এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কোনোভাবেই টিকতে পারছিলেন না। পরে তাঁকে এ হাসপাতালে আনা হয়। ভর্তি হতে পেরেছেন। তবে শয্যা পাননি। তাই এখন বারান্দার মেঝেতে বিছানা পেতে শুয়ে আছেন। তিনি আরও বলেন, শুয়ে থাকতেও অস্বস্তি লাগে তাঁর। কিসের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বুঝতে পারছেন না।
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের গৃহবধূ মেহেরুন নেছাও (৭০) গতকাল এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরও ঠাঁই হয়েছে এই বারান্দার মেঝেতে। মেহেরুন বলেন, শ্বাসকষ্ট শুরু হয়। পরে স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এখনো শয্যা পাননি। চিকিৎসক বলেছেন, দু-তিন দিন থাকা লাগবে। খালি হলে তাঁকে শয্যা দেওয়া হবে।