লোকবল-সংকটে পানির অপচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অনুষদ ভবনগুলোয় প্রতিদিন ট্যাংক থেকে উপচে পড়ছে পানি। সংশ্লিষ্টরা বলছে, লোকবল-সংকটের কারণে পানির অপচয় হচ্ছে। অবশ্য ক্যাম্পাসজুড়ে ২৩ জন কর্মচারী পানির ট্যাংক ভরার দায়িত্বে নিয়োজিত আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি পানির পাম্প আছে। এ পাম্পগুলো থেকে দিনে দুই দফায় পুরো ক্যাম্পাসে পানি সরবরাহ করা হয়। পাম্পগুলো চলে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত। পরের দফায় বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে। ২৩ জন কর্মচারী ক্যাম্পাসজুড়ে পানির ট্যাংকগুলো ভরতে পানির সংযোগ খুলে দেন এবং ভরে গেলে বন্ধ করে দেন। কিন্তু ট্যাংক ভরে যাওয়ার পরও সংযোগ বন্ধ না করায় পানি উপচে পড়তে থাকে।
বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে অন্তত দুটি ট্যাংক থেকে উপচে পড়া পানি সরাসরি নিচের ড্রেনে (নালা) না গিয়ে প্রথমে ছাদে এবং পরে ছাদ থেকে নিচের ড্রেনে যায়। ফলে উপচে পড়া পানির পরিমাণ বুঝতে এ হলে টানা দুই সপ্তাহ পদ্ধতিগতভাবে অনুসন্ধান চালানো হয়। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটা থেকে দশটা পর্যন্ত টানা দুই ঘণ্টা ট্যাংক থেকে পানি উপচে পড়ে। একইভাবে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত পানি উপচে পড়ে। আবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা, কখনো বা রাত আটটা পর্যন্ত পানি উপচে পড়ে। এভাবে দিনে তিনবার প্রায় চার ঘণ্টা ট্যাংক থেকে পানি পড়ে ভাসে।
হলের আবাসিক শিক্ষার্থী ও প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রুবায়াৎ আল বান্না বলেন, হলের ছাদের ট্যাংক থেকে অনেক পানি পড়ে। ফলে ছাত্রদের অনেকেই সকালে বা দুপুরে বালতি নিয়ে ছাদে গোসল করতে যান।
দেখা গেছে, হলের এ ব্লকের ট্যাংক থেকে উপচে পড়া পানিতে ১৮ লিটারের একটি বালতি পূর্ণ হতে সময় লাগে ১০ সেকেন্ড। এ হিসাবে শুধু আল বেরুনী হলেই প্রতিদিন চারটি ট্যাংক থেকে চার ঘণ্টায় ১ লাখ ৩ হাজার ৬৮০ লিটার পানি অপচয় হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাকি ১৫টি আবাসিক হলে পানি অপচয়ের কোনো হিসাব না পাওয়া গেলেও অনুমান করা যায়। মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, ‘আমাদের হলেও প্রতিদিন কয়েক ঘণ্টা করে ট্যাংক উপচে পানি পড়ে। কোনো কোনো দিন সকালে দেখা যায়, ড্রেন উপচে পানি হলের বি-ব্লকের মাঠে চলে আসে।’
দেখা গেছে, আবাসিক হল, প্রশাসনিক এবং অনুষদ ভবন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন থেকেও ট্যাংক উপচে পানি পড়ে। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সরবরাহ পাইপ ফেটে সেখান থেকেও প্রচুর পানির অপচয় হয়।
এ বিষয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. আকতার মাহমুদ বলেন, ঢাকায় গড়ে চার সদস্যের একটি পরিবার প্রতিদিন প্রায় ৫০০ লিটার পানি ব্যবহার করে। কিন্তু পানির সংকট আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে কয়েক লাখ লিটার পানির অপচয় হচ্ছে। এটা দুঃখজনক। প্রশাসনের এ বিষয়ে আরও সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন।
জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শামসুল হক মৃধা বলেন, মূলত জনবল সংকটের কারণেই এমন হচ্ছে। মাত্র ২৩ জন কর্মচারী আছেন। সবাইকে দুই দিন সাপ্তাহিক ছুটি দিতে হয়। এতে সংখ্যা আরও কমে যায়। ফলে মাত্র ১২-১৫ জন কর্মচারীর পক্ষে পুরো ক্যাম্পাসে পানির সংযোগ সঠিক সময়ে বন্ধ করা সম্ভব হয় না।
সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, পানির অপচয় হয় সত্য। এর স্থায়ী সমাধানে একটা কেন্দ্রীয় ট্যাংক বা কিছু রিজার্ভ ট্যাংক নির্মাণের পরিকল্পনা আছে।