লোকবলসংকট, একমাত্র কৃমিনাশক ওষুধই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীর ১১টি পদের বিপরীতে আছেন চারজন। এরই মধ্যে চলতি অর্থবছরের চার মাস পার হলেও এখন পর্যন্ত কেন্দ্রটির জন্য বরাদ্দ দেওয়া ওষুধ এখানে পৌঁছায়নি। গত অর্থবছরে উপজেলা পরিষদ থেকে পাওয়া শুধু কৃমিনাশক ওষুধ দিয়েই চলছে এখানকার চিকিৎসা কার্যক্রম।
উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, এই কার্যালয়ের ১১টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে একজন উপজেলা লাইফস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ), একজন কম্পাউন্ডার, একজন ড্রেসার ও একজন এমএলএসএসের পদ শূন্য। ফলে লোকবলের অভাবে গবাদিপশুর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপরন্তু নেই ওষুধের বরাদ্দও। গত অর্থবছরের জুনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) বরাদ্দ থেকে এই কেন্দ্রে আট হাজার কৃমিনাশক ট্যাবলেট বরাদ্দ দেয় উপজেলা পরিষদ। এ বছরের জন্য বরাদ্দ ওষুধ এখনো আসেনি। এ অবস্থায় শুধু কৃমিনাশক ওষুধ দিয়েই চলছে গবাদিপশুগুলোর সব রোগের চিকিৎসা।
কেন্দ্রের অফিস সহকারী ও বর্তমানে ভিএফএ (মাঠকর্মী) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী আবদুল কাইউম তালুকদার বলেন, এখান থেকে প্রতি মাসে ১৮০ থেকে ২০০ গবাদিপশু ও সাত থেকে আট হাজার হাঁস-মুরগির চিকিৎসা দেওয়া হয়।
ধরমপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের কৃষক জসীম উদ্দিন বলেন, ‘কয় মাস ধইর্যা ওসুক (অসুস্থ) গরু-ছাগল হাসপাতালে লইয়া গেলেই ডাক্তার কইন, কৃমির ওষুধ ছাড়া কিছু নাই। এইডা কোনো হাসপাতাল অইল? হেরপর হারা বছরেও কোনো মাঠকর্মী এলাকায় আয় না।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, যে পরিমাণ ওষুধ বরাদ্দ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লোকবলেরও অভাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘লোকবলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ছাড়া কয়েক দিনের মধ্যেই বরাদ্দ করা ওষুধ পৌঁছে যাবে। তবে ওষুধের বরাদ্দ বাড়ানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’