লোকবলসংকটে কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা ৮৩ জন৷ কিন্তু আছেন মাত্র ১১ জন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লোকবলসংকটে কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে৷
এ কার্যালয়ের কর্মকর্তাদের কক্সবাজার, তিন পার্বত্য জেলা, নোয়াখালী ও ফেনী জেলার কার্যক্রমও পরিদর্শন করতে হচ্ছে। ছয় মাস আগে পরিদপ্তর থাকাকালে পরিদর্শক ছিলেন ১৭ জন৷ কিন্তু অধিদপ্তর হওয়ার পর পরিদর্শক আছেন মাত্র সাতজন৷
বর্তমানে এ কার্যালয়ে কর্মরত ১১ জনের মধ্যে সাতজন সাধারণ পরিদর্শক৷ নিরাপত্তা ও স্বাস্থ্য ক্যাটাগরিতে কোনো পরিদর্শক নেই।
কলকারখানা অধিদপ্তর সূত্র জানায়, শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানটি ছয় মাস আগেও ছিল পরিদপ্তর৷ কিন্তু রানা প্লাজা ধসের পর কারখানাগুলো বিশেষ করে পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে পরিদপ্তরের কাজকে শক্তিশালী করতে গত নভেম্বরে একে অধিদপ্তরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এ বছরের ১৫ জানুয়ারি পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করে ২৩টি জেলা কার্যালয় করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, পরিদপ্তর থেকে অধিদপ্তর করার পর প্রয়োজনীয় লোকবল না থাকায় বিভিন্ন কার্যালয় থেকে প্রেষণে নতুন কার্যালয়গুলোতে লোক নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম জেলা কার্যালয়ে ১৭ জন পরিদর্শকের মধ্যে ১০ জনকে প্রেষণে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।
অধিদপ্তর হওয়ার আগে চট্টগ্রাম বিভাগে নোয়াখালী, ফেনী ও কক্সবাজার জেলায় পরিদপ্তরের পৃথক শাখা কার্যালয় ছিল। কিন্তু অধিদপ্তরে উন্নীত হওয়ার পর চট্টগ্রাম জেলা কার্যালয়ের অধীনে নিয়ে আসা হয় এ জেলাগুলোকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাত্র সাতজন পরিদর্শকের পক্ষে এসব জেলার কয়েক হাজার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন করা কঠিন হয়ে পড়েছে।
জনবলকাঠামো অনুযায়ী, চট্টগ্রাম জেলা কার্যালয়ে সহকারী মহাপরিদর্শক ও শ্রম পরিদর্শক মিলে ৫৫ জন থাকার কথা। বর্তমানে চট্টগ্রামে সহকারী মহাপরিদর্শকের ১৯টি পদ খালি৷ শূন্য রয়েছে পরিদর্শকের ২৯টি পদও।
চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বে থাকা অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ জাকির হোসেইন প্রথম আলোকে বলেন, ‘নতুনভাবে সারা দেশে জনবল নিয়োগের কাজ শুরু করেছে মন্ত্রণালয়। নতুন করে বেশ কয়েকজন সহকারী মহাপরিদর্শক সম্প্রতি নিয়োগ পেয়েছেন। আশা করছি, এঁদের মধ্যে থেকে চট্টগ্রামেও পোস্টিং পাবেন কেউ কেউ।’
জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কম্পিউটার অপারেটরের পদটি শূন্য। ১১ জন এমএলএসএসের জায়গায় কাজ করছেন একজন। লোকবলসংকট ছাড়াও অন্যান্য সুবিধার ক্ষেত্রেও পিছিয়ে চট্টগ্রাম কার্যালয়। মাঠপর্যায়ে কাজ করতে হয় বলে পরিদর্শকদের মোটরসাইকেল থাকার কথা। কিন্তু চট্টগ্রামে একজনও তা পাননি। এমনকি পুরো কার্যালয়ে ব্যবহারের জন্য কোনো গাড়ি নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কোনো কারখানায় দুর্ঘটনা ঘটলেও আমাদের সেখানে ছুটে যেতে হয়। হাতে গোনা কয়েকজনের পক্ষে সবগুলো তদারকি করা সম্ভব হয় না। এ ছাড়া পরিবহনসুবিধাও আমরা পাই না।’
লোকবলসংকটে কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে উপমহাপরিদর্শক জাকির হোসেইন বলেন, ‘এখন কিছুটা সমস্যা হচ্ছে। তার পরও সীমিত লোকবল নিয়ে পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করছি। ধাপে ধাপে পূর্ণ জনবল নিয়োগ পেয়ে যাব আশা করি।’