লোকবলের অভাবে চালু হচ্ছে না আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র কেনা হয় দেড় বছর আগে। কিন্তু লোকবলের অভাবে আজও চালু হয়নি। এদিকে লোকবল থাকলেও একমাত্র এক্স-রে যন্ত্রটি দুই বছর ধরে নষ্ট। এ অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ফলে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা। কর্তৃপক্ষ বলেছে, শিগগিরই এগুলো চালু হওয়ার সম্ভাবনা নেই।
সম্প্রতি কয়েক দিন ওই হাসপাতালে গিয়ে রোগীর প্রচুর ভিড় চোখে পড়ে। কেউ কেউ এসেছেন ২০ থেকে ২৫ কিলোমিটার দূর থেকে। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা দিলে পড়ছেন বিপাকে। পাথুরিয়া গ্রামের লিমন শেখ জানালেন, তাঁর হাতে সমস্যা। চিকিৎসক এক্স-রে করাতে বলেছেন। হাসপাতালে ব্যবস্থা না থাকায় বাইরে থেকে করিয়ে এনেছেন। এতে তাঁর দ্বিগুণ খরচ লেগেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে একটিমাত্র এক্স-রে যন্ত্র আছে। এটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০১০ সালে দেওয়া হয়। যন্ত্রটি চালানোর জন্য দেওয়ান সোহেল বিল্লাহ নামের একজন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) রয়েছেন। তবে ২০১৪ সাল থেকে যন্ত্রটি অকেজো অবস্থায় রয়েছে। ফলে দেওয়ান সোহেলও এখন কার্যত অচল। তাঁকে হাসপাতালে এসে অলস সময় কাটাতে হয়।
দেওয়ান সোহেল জানালেন, অত্যাধুনিক এক্স-রে যন্ত্রটি চালু করার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে (এনইএমইএমডিব্লউটিসি) বহুবার যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে দুবার প্রকৌশলীও এসেছেন। কিন্তু বহু চেষ্টা করেও যন্ত্রটি চালু করা যায়নি। প্রকৌশলীরা বলেছেন, এক লাখ টাকার যন্ত্রাংশ লাগবে। সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সাড়া আসেনি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মায়া রানী বিশ্বাস বলেন, হাসপাতালের নিজস্ব উদ্যোগে এক্স-রে যন্ত্রটি সারানোর সুযোগ নেই। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাড়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র চালানোর জন্য টেকনোলজিস্ট পদ সৃষ্টি করতেও মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। লোকবল পেলে সেগুলো চালু করা হবে।