বেসরকারি মালিকানায় পরিচালিত পশ্চিমাঞ্চল রেলের চারটি লোকাল ট্রেন আবারও সরকারের আওতায় ফিরিয়ে আনা হয়েছে। এতে ওই বেসরকারি ট্রেনগুলোতে কর্মরত তিন শতাধিক কর্মচারী বেকার হয়ে পড়েছেন বলে জানা গেছে। এদিকে লোকবল-সংকটসহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়েই গত মঙ্গলবার রাত থেকে সরকারি আওতায় ট্রেনগুলো চলাচল শুরু করেছে।
পঞ্চগড়-সান্তাহার রেলপথের সেভেনআপ-এইটডাউন ও বুড়িমারী-পার্বতীপুর রুটে ৪৬১ ও ৪৬২ নম্বর চারটি লোকাল ট্রেন পরিচালনা করত তাজ এন্টারপ্রাইজ। চার বছর ধরে ট্রেনগুলো পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। গত সোমবার সরকারের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। সরকার আর চুক্তির মেয়াদ না বাড়ানোয় গত মঙ্গলবার থেকে ট্রেনগুলো সরকারের আওতাধীনে চলাচল শুরু করে।
তাজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক লিটন মিয়া বলেন, সান্তাহার-পঞ্চগড় রুটে ৫৩টি ও বুড়িমারী-পার্বতীপুর রুটে ২৬টি স্টেশনে ট্রেনগুলো থামত। সেভেনআপ-এইটডাউন ট্রেন থেকে প্রতিদিন ৭৮ হাজার এবং ৪৬১ ও ৪৬২ লোকাল ট্রেন থেকে ১৮ হাজার টাকা করে সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে গত চার বছরে। তিনি আরও বলেন, তাঁদের চুক্তি শেষ হওয়ার পর এখন অধিকাংশ স্টেশনই বন্ধ। এসব স্টেশনে মাস্টার না থাকায় টিকিটও বিক্রি করতে পারবে না রেলওয়ে। তা ছাড়া চুক্তি চলাকালে কিছুদিন ট্রেন বন্ধও ছিল। ওই সময়টা ধরলে তাঁদের প্রতিষ্ঠানটি এখনো সাড়ে পাঁচ মাস ট্রেন পরিচালনা করতে পারত। এ নিয়ে সরকারের সঙ্গে আদালতে মামলা চলছে। তাই তাঁদের ট্রেনগুলো ছেড়ে দিতে হয়েছে। এতে তাঁদের আওতাধীনে চলা ট্রেন ও স্টেশনে কর্মরত তিন শতাধিক কর্মচারী কর্মহীন হয়ে পড়বেন বলে জানান তাজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক।
বেসরকারি প্রতিষ্ঠানটির অধীনে পার্বতীপুর রেলের অ্যাটেনডেন্ট জুলফিকার ভুট্ট বলেন, ‘ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন পথে বসব। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’ তিনিও জানান, ট্রেনগুলো সরকারের আওতায় নিয়ে আসায় তিন শতাধিক কর্মচারী বেকার হয়ে পড়েছেন।
এদিকে রেলওয়ে সূত্রমতে জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠানটি তাদের লোকবল সরিয়ে নেওয়ায় অধিকাংশ স্টেশনেই এখন স্টেশনমাস্টার নেই। ফলে টিকিট বিক্রি করতে পারবে না রেল কর্তৃপক্ষ। এতে করে বিনা টিকিটের যাত্রীসংখ্যা বেড়ে যাবে। ট্রেন পরিচালনা করে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ও সম্ভব হবে না।
পশ্চিম রেলের লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক (ডিটিএস) মোস্তাফিজুর রহমান বলেন, ওই দুই রুটে ৫৩টি রেলস্টেশন রয়েছে। তবে স্টেশনমাস্টার ও বুকিং ক্লার্ক না থাকায় এখন ২৫টি স্টেশন বন্ধ। বেসরকারি প্রতিষ্ঠানটি এত দিন তাদের লোকবল দিয়ে এ স্টেশনগুলো চালাত। এসব লোকবলের মধ্যে টিটিই, বুকিং ক্লার্ক, রেলজোনের সুপারভাইজার ও অ্যাটেনডেন্ট ছিলেন। তিনি আরও বলেন, এখন অধিকাংশ স্টেশন বন্ধ এবং স্টেশনমাস্টার না থাকায় টিকিট বিক্রি ব্যাহত হবে। মাত্র ১৮ জন টিটিই দিয়ে এ বিভাগে ৭২টি ট্রেন পরিচালনা করতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তারপরও করার কিছু নেই। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী ট্রেনগুলো আবার সরকারি আওতাধীনেই পরিচালিত হবে। স্টেশনগুলো চালুর বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বিষয়টি দেখবেন।