লোকবল-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতালের লোকবল-সংকট ও অবকাঠামোর সমস্যার সমাধানের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরাম।
সকালে হাসপাতালের সামনের সড়কে কর্মসূচিতে জেলা অটোবাইক চালক সমিতি, হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতিসহ শহরের বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মেহেরপুর নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, জাগো মেহেরপুর আন্দোলন কমিটির মুখপাত্র শোয়েব রহমান, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, সাংবাদিক রফিক-উল আলম ও জাফর ইকবাল।
নাসির উদ্দিন বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর হাসপাতালটি কাগজে-কলমে ২৫০ শয্যার হয়। ১০০ শয্যার জনবল ও অবকাঠামো এখনো হয়নি। সরকারি এই হাসপাতালে ৭৩ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র আটজন। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ২৪ জন পরিচ্ছন্নতাকর্মীর স্থলে আছেন তিনজন। তীব্র দুর্গন্ধের কারণে মুখে কাপড় বেঁধে হাসপাতালে যেতে হয় রোগী ও দর্শনার্থীদের। চিকিৎসকেরা হাসপাতালে রোগী না দেখে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) রোগী দেখেন। বহির্বিভাগে রোগীদের ওষুধ দেওয়া হয় না। ফলে এই হাসপাতাল থেকে রোগীরা ন্যূনতম চিকিৎসাসেবা পান না। অন্যদিকে সরকারি অনুমতি ছাড়াই শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক।
নাসির উদ্দিন আরও বলেন, অবিলম্বে হাসপাতালে জনবল নিয়োগ করে মানুষের ন্যূনতম স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। একই দাবিতে সোমবার (আজ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান বলেন, স্বল্প জনবল দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো যাচ্ছে না। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, হাসপাতালের সমস্যার বিষয়ে স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে।