লোকবল-সংকটে কাজ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন দুজন। এতে কার্যালয়ে বিভিন্ন কাজে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই কার্যালয়ে একজন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, একজন অডিটর, তিনজন জুনিয়র অডিটর, একজন মুদ্রাক্ষরিক ও একজন এমএলএসএস থাকার কথা। কিন্তু ২০১১ সালের ১৯ জুলাই থেকে তিনজন জুনিয়র অডিটর, ১৯৮৮ সালের ২১ এপ্রিল থেকে মুদ্রাক্ষরিক এবং শুরু থেকেই এমএলএসএসের পদটি শূন্য রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারি কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, ওই কার্যালয়ে জিপি ফান্ড, পেনশন, মাসিক বিল ও অন্যান্য বিল-সংক্রান্ত কাজ সময়মতো করা হয় না। লোকবলের অজুহাতে আজ-কাল করে সময় পার করা হয়। এতে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম বলেন, লোকবল সংকটে যথাসময়ে দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সাতজনের কাজ দুজন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানালেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক নিবারণ চন্দ্র দে প্রথম আলোকে জানান, শূন্য পদে প্রয়োজনীয় লোকবলের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বিষয়টি মহাহিসাব নিয়ন্ত্রককে (সিজিএ) লিখিতভাবে জানানো হয়েছে।