লোকবল-সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ২০টি পদ শূন্য। এক্স-রেসহ প্রয়োজনীয় কিছু যন্ত্র নষ্ট হয়ে আছে। একমাত্র অ্যাম্বুলেন্সটিও বিকল। এতে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সহকারী সার্জন (হোমিও) ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, জ্যেষ্ঠ স্টাফ নার্সের পাঁচটি, প্রধান সহকারীর একটি, হিসাবরক্ষণ ও কোষাধ্যক্ষের দুটি, জুনিয়র মেকানিকের একটি, মেডিকেল টেকনোলজিস্টের (কার্ডিওগ্রাফার) একটি, ওয়ার্ড বয়ের একটি ও এমএলএসএসের পাঁচটি পদ শূন্য রয়েছে। প্রায় দেড় বছর ধরে এক্স-রে যন্ত্র নষ্ট। দুই বছরের বেশি সময় ধরে নষ্ট আলট্রাসনোগ্রাফি, ইসিজি যন্ত্র। দেড় মাস ধরে অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় জরুরি রোগীদের হাসপাতালে আনা-নেওয়া করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, ভাঙা হাত নিয়ে ফজলুল হক (৪৫) নামের এক কৃষক হাসপাতালে এসেছেন। চিকিৎসক তাঁকে দুটি এক্স-রে করাতে বলেছেন। হাসপাতালের যন্ত্র নষ্ট থাকায় ক্লিনিক থেকে ৭০০ টাকায় তাঁকে এক্স-রে দুটি করাতে হয়েছে।
এক্স-রে বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) এস এম আমিরুল ইসলাম বলেন, এক্স-রে যন্ত্র মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে ১০ বার চিঠি দেওয়া হয়েছে। কোনো কাজ হয়নি।
গাইনি বিভাগে দেখা যায়, তাজমিরা সুলতানা নামের এক জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) গত ২৬ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত। অস্ত্রোপচার কক্ষের জ্যেষ্ঠ সেবিকা নুরজাহান আকতার এ প্রসঙ্গে বলেন, ‘আপার (তাজমিরা) অনুপস্থিতিতে গত নভেম্বরে ৫০টি সিজার হয়েছে। আপার দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল করিম খান।’
রাফিউল করিম বলেন, অনুপস্থিত থাকায় তাজমিরাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাজরিমা মুঠোফোনে বলেন, ‘আমার ছেলেমেয়েদের জেএসসি ও পিইসি পরীক্ষা থাকায় এত দিন আসতে পারিনি।’
ওই বিভাগের এক প্রসূতির নাম ছালেহা আক্তার। গত বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। ছালেহা বলেন, হাসপাতালের ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট থাকায় তিন মাসে তাঁর দুই হাজার টাকা বেশি খরচ হয়েছে। মাজেদা আক্তার নামের আরেক প্রসূতি বলেন, ‘আমার মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্পের কার্ড রয়েছে। গর্ভে সন্তান আসার পর থেকে প্রসব-পরবর্তী তিন মাস বিনা মূল্যে সেবা পাওয়ার কথা। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রগুলো নষ্ট থাকায় সব পরীক্ষা-নিরীক্ষা ক্লিনিক থেকে করতে হয়েছে।’ মো. হায়দার আলী নামের এক রোগী বলেন, ‘চোখের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলাম। ডাক্তার না থাকায় ফিরে যাচ্ছি।’
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব সহকারী মিজানুর রহমান বলেন, হিসাব বিভাগ ও চতুর্থ শ্রেণির কর্মচারীর কয়েকটি পদ শূন্য থাকায় হাসপাতালের দাপ্তরিক কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
রাফিউল করিম খান বলেন, ‘সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, শূন্য পদগুলো শিগগিরই পূরণ হবে। নষ্ট যন্ত্রগুলোও মেরামত করা হবে।’