লোকবল-সংকটে ২৮ মাসেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের নির্মাণকাজ শেষ হয়েছে ২০১৪ সালের ৩০ জুন। কিন্তু লোকবল-সংকটের কারণে এখনো তা চালু হয়নি।
নিকলী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে দুই একর জমির ওপর নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণের কাজ শুরু করে। প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ হয়। একই দিন ঠিকাদারের কাছ থেকে প্রকল্প পরিচালক আবহাওয়া কার্যালয়ের ভবন বুঝে নেন। ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। কিন্তু আজও আবহাওয়া পর্যবেক্ষণাগারটি চালু করা যায়নি। কার্যালয়টি পরিচালনার জন্য পদ রয়েছে আটটি। এর মধ্যে জ্যেষ্ঠ পর্যবেক্ষক (সিনিয়র অবজারভার) পদে একজন, টেলিপ্রিন্টার সুপার পদে একজন ও বেলুন মেকার পদে রয়েছেন একজন। পাঁচটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে আবহাওয়া কার্যালয়টিতে দেখা যায়, নিকলী উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে দুই একর জায়গাজুড়ে নিকলী আবহাওয়া কার্যালয়। ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি দোতলা ভবন। এ ভবনের ছাদে স্থাপন করা হয়েছে তিনটি যন্ত্র (বাতাসের গতি পরিমাপক যন্ত্র, বাতাসের দিকনির্ণয় যন্ত্র ও সানশাইন রেকর্ডার)। ভবনের পাশে খোলা মাঠে লোহার বেষ্টনী দিয়ে নির্মাণ করা এনক্লোজার এরিয়া (ভেতরে যন্ত্রপাতি)।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা (নিকলী, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা) হাওর এলাকা। এসব উপজেলার প্রায় ৫০ শতাংশ লোক বর্ষাকালে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এ সময় ঝড়-বৃষ্টি হয়। প্রচণ্ড ঢেউয়ে অনেক সময় জেলেদের নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। এ কারণে আবহাওয়ার পূর্বাভাস দিতে নিকলীতে আবহাওয়া কার্যালয় করা হয়েছে। লোকবল-সংকট নিরসন করে কার্যালয়টি শিগগিরই চালু করা দরকার।
উপজেলার আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার ফারুক বলেন, কার্যালয়টি কবে চালু করা যাবে, তা আবহাওয়াবিদ ও এই প্রকল্পের পরিচালক বলতে পারবেন।
প্রকল্প পরিচালক শামীম হাসান ভূঁইয়া বলেন, লোকবল-সংকট নিরসনে নিয়োগপ্রক্রিয়া চলছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আবহাওয়া পর্যবেক্ষণাগারটি চালু করা যাবে।