লোকমান-আবেগই পুঁজি 'কাকা'দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

মো. কামরুজ্জামান এবং এস এম কাইয়ুম। নরসিংদী পৌরসভার নির্বাচনে তাঁরা দুজনই মেয়র পদপ্রার্থী। প্রথমজন নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই। অপরজন লোকমানের রাজনৈতিক শিষ্য। এর মধ্যে কামরুজ্জামান আওয়ামী লীগের মনোনীত আর কাইয়ুম আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী। তাঁদের দুজনেরই প্রচারের কেন্দ্রবিন্দুতে লোকমান। তাই পৌরবাসী মজা করে দুজনের নামের প্রথম অক্ষর ‘কা’ ও ‘কা’ যোগ করে বানিয়েছেন ‘কাকা’।
কামরুজ্জামান ও কাইয়ুম ছাড়াও বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) সাদেকুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফারজানা আক্তার নরসিংদী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১১ সালের ১ নভেম্বর তৎকালীন পৌর মেয়র লোকমান হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর ২০১২ সালের ১৮ জানুয়ারি উপনির্বাচনে জিতে মেয়র হন লোকমানের ভাই কামরুজ্জামান। সম্প্রতি কামরুজ্জামান তাঁর উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়ে লোকমান হোসেনের ছবি-সংবলিত ‘আমার কৃতজ্ঞতা’ নামে একটি প্রচারপত্র বিতরণ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আমার বড় ভাই শহীদ লোকমান হোসেনকে হত্যার পর থেকে আপনারা অদ্যাবধি হত্যাকারীদের বিচার ত্বরান্বিত করতে আন্দোলন, লড়াই-সংগ্রামে আমাদের পাশে ছিলেন। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের লোকমান হোসেনের স্বপ্ন ও আদর্শের পথ ধরেই আমি হেঁটেছি। ইতিমধ্যে লোকমান হোসেনের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পেরেছি। নতুন অনেকগুলো প্রকল্প চলমান আছে এবং আরও অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অতীতের ন্যায় সামনেও যদি আপনাদের সমর্থন ও সহযোগিতা পাই, এসকল প্রকল্প বাস্তবায়ন করে লোকমান হোসেনের স্বপ্নের শহরে পরিণত করব।’
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি কাইয়ুম নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লোকমান হোসেনের ছবি-সংবলিত বিভিন্ন পোস্ট করছেন। এসব পোস্টে তিনি বলছেন, তিনি মেয়র লোকমান হোসেনের রাজনৈতিক আদর্শ লালন করে, তাঁর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যয় নিয়ে এসেছেন। এ ছাড়া তিনি গণসংযোগসহ বিভিন্ন এলাকায় উঠানবৈঠকেও লোকমান হোসেনের স্মৃতির কথা তুলে ধরছেন।
মেয়র লোকমান হত্যার ঘটনাটি দেশব্যাপী আলোচনার ঝড় তুললেও দীর্ঘ চার বছর ধরে থমকে আছে বিচারকাজ। পুলিশের দেওয়া অভিযোগপত্রে এজাহারভুক্ত বেশির ভাগ আসামির নাম না থাকায় নিম্ন আদালতে অভিযোগপত্রের নারাজি আবেদন করেন মামলার বাদী কামরুজ্জামান। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ার পর তিনি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। এই রিট পিটিশনের রায় না হওয়ায় আটকে আছে মামলার বিচারকাজ। তবে বিষয়টি অন্য চোখে দেখছেন নরসিংদীর বিভিন্ন পেশার লোকজন। তাঁদের অভিযোগ, বাদী নিজেই বিভিন্ন কারণ দেখিয়ে উচ্চ আদালতে মামলাটি আটকে রেখেছেন। এর মূল কারণ পৌর নির্বাচন। নির্বাচনে নিহত লোকমান হোসেনের প্রতি পৌরবাসীর আবেগকে কাজে লাগাতেই কামরুজ্জামান এই পন্থা অবলম্বন করছেন।
একই অভিযোগ বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রয়াত মেয়র লোকমানকে শ্রদ্ধা করেন নরসিংদীর মানুষ। কিন্তু দুই প্রার্থী ইচ্ছামতো ওনার নাম ব্যবহার করছেন। এখন পর্যন্ত ওই হত্যার বিচার শুরু হয়নি। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বলব, এই নির্বাচনে লোকমান ভাইয়ের আবেগ কাজে লাগাতেই তাঁর পরিবার ইচ্ছা করেই বিচার আটকে রেখেছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টে মামলা সিরিয়ালে আছে, যেকোনো সময় শুনানি হতে পারে। এগুলো অপপ্রচার। আর লোকমান আমার ভাই, ওনার নাম বলেন আর আবেগ বলেন, সব তো আমিই ব্যবহার করব।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাইয়ুম বলেন, ‘আমি লোকমান হোসেনের রাজনৈতিক উত্তরসূরি, আর কামরুল (কামরুজ্জামান) ভাইরা পারিবারিক উত্তরসূরি। লোকমান ভাই মারা যাওয়ার পর যত নির্যাতনের শিকার আমি হয়েছি, ওনার পরিবারের কেউ তা হননি। তাই ওনার দোয়া আমার ওপর সব সময় আছে।’