লোকসভা নির্বাচনের পর তিস্তার পানি সমস্যা নিয়ে জোরােলা আলোচনা ও এর সমাধান হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের িস্পকার শিরীন শারমিন চৌধুরী৷ এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যথেষ্ট আন্তরিক৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার কারণে সমস্যার সমাধান আটকে আছে৷
গতকাল সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় স্পিকার আরও বলেন, ‘রংপুরে গ্যাস সরবরাহের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে৷ রংপুরের উন্নয়নের জন্য কাউকে চিন্তা করতে হবে না৷ কারণ প্রধানমন্ত্রী নিজেই রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন৷ আর পীরগঞ্জের দায়িত্ব নিয়েছি আমি এবং নিয়েছেন সজীব ওয়াজেদ জয়৷ সমস্যাগুলো চিহ্নিত করে শিগগির সমাধান করা হবে৷’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও জ্যেষ্ঠ সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম৷
স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুই দিনের সফরে গতকাল (সোমবার) বিকেলে পীরগঞ্জে আসেন৷