
গতকাল সোমবার মেলার ১৫তম দিনে আগের তিন দিনের তুলনায় লোকসমাগম কম হয়েছে। একটি প্রকাশনীর স্টল বন্ধ করে দেওয়া, অন্য আরেকটি প্রতিষ্ঠান থেকে বই জব্দ করার মতো ঘটনা ঘটেছে। তবে বেচাকেনা খুব একটা মন্দ হয়নি গতকাল।
অনন্ত জীবন যদি: বৈচিত্র্যময় এক জীবন পার করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুটমায়ূন আহমেদ, যার খণ্ড খণ্ড চিত্র ক্যামেরায় ধারণ করেছেন আলোকচিত্রী নাসির আলী মামুন। ২০০৫ থেকে ২০১২—এই আট বছরে নানা সময়ে নানা আঙ্গিকে হুেমায়ূন আহমেদের বিরল কিছু ছবি ধারণ করেছেন তিনি। সেই সব ছবি নিয়ে অন্যপ্রকাশ থেকে এসেছে তাঁর ফটো অ্যালবাম অনন্ত জীবন যদি।

গতকাল একাডেমির শামসুর রাহমান সেমিনার হলে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, হুসমায়ূন আহমেদের অনুজ কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, হু্মায়ূন-পত্নী মেহের আফরোজ শাওন, আলোকচিত্রী নাসির আলী মামুন ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
বন্ধ হলো স্টল: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গতকাল ব-দ্বীপ প্রকাশন বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে পুলিশ অভিযান চালিয়ে স্টলটি বন্ধ করে দেয়। একই সঙ্গে তারা ওই প্রকাশনীর বেশ কয়েকটি বই জব্দ করেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের বলেছে ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই রয়েছে। স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রকাশনীটির স্টল বন্ধ করা হয়েছে।’

জব্দ হলো বই: আদালতে মামলা চলমান থাকার পরিপ্রেক্ষিতে বাংলাপ্রকাশ থেকে প্রকাশিত বিশ্বজিৎ সাহার হুলমায়ূন আহমেদের শেষ দিনগুলি বই জব্দ করেছে টাস্কফোর্স। অভিযানে অংশ নেওয়া পুলিশের উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, বইটিতে নানা ভুল তথ্য আছে—এই মর্মে হুনমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আদালতে মামলা করেছেন, যা আদালতে বিচারাধীন। এর পরিপ্রেক্ষিতেই বইটি জব্দ করা হয়েছে।
নতুন বই: বিএনপি কি একটি রাজনৈতিক দল, নাকি একটা প্রবণতা? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে একাত্তর সালে। বুঝতে হবে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মনস্তত্ত্ব, পঁচাত্তরের ট্র্যাজেডি এবং ওই সময়ের দিশেহারা রাজনীতি। প্রশ্ন হলো, বিএনপি কি ষড়যন্ত্রের ফসল, নাকি এর উত্থান ছিল অনিবার্য। মহিউদ্দিন আহমদ দলটির সুরতহালের চেষ্টা করেছেন প্রথমবারের মতো। তাঁর লেখা বিএনপি: সময়-অসময় বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

মেলায় প্রথমা প্রকাশন এনেছে সাদত হাসান মান্টোর টোবাটেক সিং ও অন্যান্য গল্প, আনিসুল হকের জেনারেল ও নারীরা। অবসর এনেছে বরেন চক্রবর্তীর রাশিয়ার শিল্পসাহিত্য: পাখির চোখে দেখা, সূচিপত্র এনেছে সাঈদ বারীর তোমাদের গল্প, অনন্যা এনেছে ফরিদুর রেজা সাগরের টেলিভিশনে ছোট কাকু, ভাষাচিত্র এনেছে শিল্পী রহমানের যুদ্ধ শেষে যুদ্ধের গল্প, সাউন্ডবাংলা এনেছে মোহাম্মদ কামরুজ্জামানের বৃত্তের বাইরে, শব্দশিল্প এনেছে ভীম চন্দ্র সানার আহত কফিন, বেঙ্গল পাবলিকেশন্স এনেছে ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের কবিতা: মূলানুগ পাঠ। একাডেমির তথ্যানুযায়ী গতকাল মেলায় নতুন ৮৪টি বই এসেছে।
মূল মঞ্চে গতকাল: গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে জীবনানন্দ দাশ চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনায় অংশ নেন প্রভাতকুমার দাস, রুবী রহমান, মুহাম্মদ সামাদ, ফয়জুল লতিফ চৌধুরী ও পিয়াস মজিদ। সভাপতিত্ব করেন আহমদ রফিক।