আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে এই মুহূর্তে কমছে না। তবে এ খাতের আগের লোকসান কাটিয়ে ওঠার পর সরকার দাম কমানোর বিষয়টি বিবেচনা করবে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অনুপস্থিতিতে তাঁর পক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে আগে ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ১৪৭ মার্কিন ডলার। এখন তা কমে ৫৮ ডলারে এসেছে। তবে অতীতে তেলের দাম বেশি থাকার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে বছরে ৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এখন তেলের দাম কমে যাওয়ায় সরকারের লোকসান পুষিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে তেলের যে দাম, তা অব্যাহত থাকলে আগামী দুই বছরে সরকারের লাভ হবে ১৪ হাজার কোটি টাকা। ক্ষতি পুষিয়ে গেলে অবশ্যই তেলের দাম কমানো হবে।
ফরিদুল হক খানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জানানো হয়, নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণে ২০১৫ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের পাঁচ ভাগ (৮০০ মেগাওয়াট) নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বলা হয়, দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বিদ্যুৎ-সুবিধার আওতায় রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিককে বিদ্যুৎ-সুবিধার আওতায় আনা যাবে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে জানানো হয়, সরকার সব অ্যানালগ ও ডিজিটাল বিদ্যুতের মিটার প্রি-পেইড মিটারে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা দেশে ৭০ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৭৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়েছে। এতে ১১ হাজার ৫০৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
সাদা চিনির আমদানি শুল্ক বাড়বে:
আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকার দেশীয় চিনিশিল্প রক্ষায় চিনি আমদানিকে নিরুৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে। এ জন্য অপরিশোধিত চিনি (র-সুগার) ও সাদা চিনির আমদানি শুল্ক বাড়ানো এবং কোটা নির্ধারণ করে দেওয়া হবে। এ ছাড়া সাদা চিনি আমদানি নিয়ন্ত্রণ তালিকাভুক্ত করা হবে।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ৯ জানুয়ারি পর্যন্ত সরকারের ১৫টি চিনিকলে অবিক্রীত চিনি মজুতের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ২৫৭ দশমিক ৫৫ মেট্রিক টন। এর মধ্যে সর্বাধিক ২১ হাজার ৩৬০ মেট্রিক টন মজুত আছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে।
ছয় মাসের মধ্যে সম্প্রচার আইন:
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন ও সম্প্রচার কমিশন গঠিত হবে। জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে এ আইন করতে ছয় মাস সময় লাগবে।
শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার আইন হলে টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু, মানদণ্ড ও বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আরও তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ের রয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে চিরঞ্জীব বঙ্গবন্ধু, স্বাধীনতা আমার স্বাধীনতা, বাংলাদেশ মিলিটারী একাডেমীর প্রথম সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ, সোনালী দিনগুলি, আমাদের বঙ্গবন্ধু, ৭ই মার্চের ভাষণ, অসমাপ্ত মহাকাব্য ও বাংলার মাটি বাংলার জল।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।