লোকসান হলেও পাটকল লিজ দেওয়ার পরিকল্পনা নেই
গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লাভের মুখ দেখেনি। বর্তমানে ২২টি পাটকল চালু রয়েছে। তবে লোকসান হলেও এসব পাটকল লিজ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
আজ সোমবার সংসদে পিনু খানের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, সরকার পাট খাতের উন্নয়ন ঘটাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৫ সাল থেকে ধান, চাল, ভুট্টা, সার ও চিনি পণ্যের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বেড়েছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে মোট রপ্তানি আয়ের ৩ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়ে থাকে। মন্ত্রী আরও বলেন, বিটিএমসির অধীনে সরকারের ২০টি বস্ত্রকল রয়েছে। তবে গত অর্থবছরে এসব কলের একটিও লাভ করতে পারেনি।
সোমবার জাতীয় সংসদে দিদারুল আলম, নুরুল ইসলাম মিলন ও হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে বিজিএমসি বিশ্বের ১০৪টি দেশে ৮৫ হাজার ২০৮ দশমিক ৬৩ টন পাটজাত পণ্য রপ্তানি করে ৬৫৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতের বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৬৩ কোটি ৯৩ লাখ টাকা।
পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) মিলগুলো (বস্ত্র ও পাটকল) লাভের মুখ দেখেনি। তবে বর্তমান সরকার এই খাতের উন্নয়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ‘ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট’ ২০১০ প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২২টি পাটকল বর্তমানে সচল রয়েছে। বিটিএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র মালিকানাধীন বস্ত্রকলের সংখ্যা ২০টি। বিগত অর্থবছরের মধ্যে কোনো মিলই লাভের মুখ দেখেনি। বন্ধ ও লোকসানি বস্ত্র কলগুলো লিজ দেওয়ারও কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বছরে বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন মিটার। উৎপাদন হয় ১ হাজার ৭০০ মিলিয়ন থেকে দুই হাজার মিলিয়ন মিটার। প্রায় ৪৯০ মিলিয়ন মিটার কাপড় বিদেশ থেকে আমদানি করতে হয়।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, ‘আমাদের বস্ত্রশিল্প কারখানাগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদার ৭০-৮৩ শতাংশ মেটাতে সক্ষম। রপ্তানিযোগ্য বস্ত্রশিল্পের মধ্যে ওভেন পোশাকের ক্ষেত্রে প্রায় ৫০-৬০ শতাংশ আর নিট পোশাকের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে সরবরাহ করা হয়।’
কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বর্তমানে দেশে প্রায় ১৭ লাখ একর জমিতে পাট চাষ করা হয়। সরকারের নানা উদ্যোগের ফলে পাটচাষিরা বর্তমানে পাটের ন্যায্যমূল্য পাচ্ছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সোনালি আঁশের সুদিন ফেরাতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরের ৬ মার্চ ‘বাংলার পাট বিশ্ব মাত’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৬ মার্চকে ‘জাতীয় পাট দিবস’ ঘোষণা করেছেন।
রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশের সোনালি আঁশ নামে খ্যাত পাটের ব্যাগ বাধ্যতামূলক বাজারজাতকরণের লক্ষ্যে বর্তমান সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ প্রণয়ন ও কার্যকর করেছে। এই আইনে নির্ধারিত ১৭টি পণ্য যথা ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুঁড়া মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে মোটরযান নিবন্ধনের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিধান প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।