লোকসানে দিশেহারা খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সোনালি জাতের মুরগির খামারিরা দুই দফায় লোকসানের সম্মুখীন হয়েছেন। এখন মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৪৫ টাকা কমে গেছে। এদিকে এক মাস আগে তীব্র শীতে রানীক্ষেত ও গাম্বুরো রোগে অনেক মুরগি মারা যায়।
দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে ধান-চালের ব্যবসা ভালো যাচ্ছে না। তাই চাতাল ব্যবসায়ীরা চাতালের পাশেই মুরগির খামার গড়ে তুলেছেন। আবার গ্রামগঞ্জে ছোট-বড় খামার করে অনেকে মুরগি পালন করছেন। এতে উপজেলায় আড়াই হাজারের মতো মুরগির খামার গড়ে উঠেছে। তবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খামারিদের কোনো তালিকা নেই। তাই খামারির সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আমিনুর রহমান বলেন, উপজেলায় ছোট-বড় প্রায় আড়াই হাজার মুরগির খামার আছে। স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিয়ে অনেকে মুরগি পালন করেন। সরকারিভাবে কোনো সুবিধা পান না। প্রতিদিন এই উপজেলা থেকে প্রায় ১ লাখ মুরগি ও ডিম দেশের বিভিন্ন জেলায় যায়।
উপজেলা সদরের তিশিগাড়ি এলাকায় নান্টু মণ্ডলের এবার ৫৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, খামারে পাঁচ হাজার মুরগি পালন করেন। এবারের শীত আর শৈত্যপ্রবাহের কারণে ৪৫ দিনের ১ হাজার ৩০০ মুরগি মরে গেছে। গাম্বুরো রোগে প্রথমে মুরগির মাথা ও ঘাড় বেঁকে যায়। চোখ-মুখ ফুলে ওঠে, সবুজ ও ঘোলাটে ফেনাযুক্ত পায়খানা করে। আর মুরগি ঝিমানো, সবুজাভ পায়খানা শুরু করা রানীক্ষেত রোগের লক্ষণ।
খামারিরা বলেন, সোনালি জাতের মুরগি ৭০ দিন হলে বাজারে তোলা হয়। এবার শীতে মুরগিগুলো ৩০ থেকে ৪০ দিনের ছিল। এ অবস্থায় অনেক মুরগি রানীক্ষেত ও গাম্বুরো রোগে মারা যায়। বাকি মুরগিগুলো বড় হওয়ায় তাঁরা বাজারে তুলেছেন। কিন্তু দাম কমে গেছে। অনেক খামারি ডিলারদের কাছ থেকে বাচ্চা, খাদ্য ও ওষুধ বাকিতে নিয়ে এই ব্যবসা করেছেন। দুই দফা লোকসানে তাঁরা ঋণে জড়িয়ে পড়েছেন।
উপজেলার চৌমুহনীর বেলহালী গ্রামের শাহজাহান আলীর ৬ হাজার মুরগি ছিল। শীতে তিন-চার দিনের মধ্যে ৪০ দিন বয়সের প্রায় ২ হাজার মুরগি মরে গেছে। বাকি মুরগিগুলোকে ওষুধ দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে কয়েক গুণ বেশি। গত বুধবার মুরগি বিক্রি করে তাঁর ১ লাখ ২৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। তিনি বলেন, দুই সপ্তাহ আগেও মুরগির দাম প্রতি কেজি ২১০ টাকা ছিল। এখন ১৬০ টাকা।
উপজেলা সদরে মৌ প্লাজা মার্কেটে অবস্থিত মেসার্স সাকিব এন্টারপ্রাইজের মালিক ও ডিলার আবদুল জলিল বলেন, গ্রামের নারীদের বাড়ির গৃহস্থালির কাজের পাশাপাশি মুরগির খামার করতে তাঁরা উদ্বুদ্ধ করেছেন। বাকিতে বাচ্চা, খাদ্য ও ওষুধ দেন। খামারিরা মুরগি বিক্রি করে সেই টাকা শোধ করেন। মুরগির বাচ্চা কিনে একেকটি ডিম দেওয়া মুরগি তৈরি করতে ৬০০ টাকা খরচ পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শীতের মৌসুমে খামারিদের সচেতন হতে হবে। দিনের বেলায় খামারের পলিথিন খুলে দেবে আর রাতে পলিথিন দিয়ে ঢেকে দেবে। কারণ খামারে প্রচণ্ড গ্যাস হয়। এই গ্যাসে প্রথমে মুরগির সর্দি ও শ্বাসকষ্ট হয়। তারপরই মুরগি রানীক্ষেত ও গাম্বুরো রোগ আক্রান্ত হয়। এ জন্য ফার্ম পরিষ্কার রাখতে হবে। অনেকে চিকিৎসকের পরামর্শ না নিয়ে ডিলারদের কাছ থেকে আনা ওষুধ ব্যবহার করেন। এটা করা উচিত না। এবার উপজেলায় প্রচুর মুরগি মারা গেছে।