লোকসানে ধানচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো আমন ধান উৎপাদনে খরচ বেশি, অপরদিকে এর ফলন কম। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চাষিদের বেশির ভাগই এবার ধান আবাদ করে লাভের মুখ দেখছেন না।

কোষা বিলপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মল্লিকপুর গ্রামের আব্বাস আলীসহ আরও সাত চাষির সঙ্গে আলাপ করে জানা যায়, আমন ধানের চারা কেনা থেকে শুরু করে লাগানো, পরিচর্যা শেষে উৎ​পাদন, সব শেষে ধান কাটা, বহন ও মাড়াইয়ে বিঘাপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হচ্ছে। সব মিলিয়ে বিঘাপ্রতি ১০ থেকে ১১ হাজার টাকা খরচ পড়ছে।

বিঘাপ্রতি এবার ধানের ফলন হয়েছে ১৮ থেকে ২২ মণ। এ ২২ মণের বর্তমান বাজার দর ১১ থেকে সাড়ে ১১ হাজার টাকা (প্রতি বস্তা ধানের দাম ১০৫০–১১০০ টাকা)। বাজারে ধান আনতে ভ্যানভাড়া, একজন শ্রমিক, হাটের হাসিলসহ বস্তাপ্রতি খরচ ৫০ থেকে ৬০ টাকা।

ক্ষিদ্র গড়গাঁও গ্রামের মজিবর রহমান বলেন, ‘পাঁচ বিঘায় গুটিস্বর্ণা ধানের আবাদ করেছিলাম। বিঘাপ্রতি ধানের ফলন পেয়েছি ২১ মণ। বিঘাপ্রতি খরচ হয়েছে সাড়ে ১০ হাজার টাকা। ধান বেচে দেখা যাচ্ছে উৎপাদন খরচ আর ধান বিক্রির টাকায় সমানে সমান। ধান বেচে কোনো লাভের মুখ দেখলাম না।’

এবার চুক্তিবদ্ধ ও বর্গাচাষিরাও ক্ষতিগ্রস্ত। চুক্তিবদ্ধ ও বর্গাচাষিদের ধান কাটা ও মাড়াই শেষে একটা নির্দিষ্ট পরিমাণ ধান অথবা সমপরিমাণ টাকা দিতে হয় গেরস্থকে। এবার গেরস্থর পাওনা মেটানোর পর নিজের পুঁজিই থাকছে না। চন্দরিয়া গ্রামের চুক্তিবদ্ধ চাষি আইনুল হক বলেন, ‘আমি দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গুটিস্বর্ণা ধানের আবাদ করেছি। ধান বিক্রি করে কোনো লাভ হয়নি এবার। আমার পকেট থেকে দিতে হচ্ছে গেরস্থকে।’

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘এবার পীরগঞ্জ উপজেলায় সাড়ে পঁচিশ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। রোববার পর্যন্ত ৪৫ থেকে ৫০ শতাংশ ধান কাটা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমন ধানের বাজারটা ব্যবসায়ী, পাইকার ও ফড়িয়ানির্ভর। কাটা-মাড়াইয়ের শুরু থেকেই ধানের বাজার তাঁরাই নিয়ন্ত্রণ করছেন। ফলে উৎপাদকেরা তাঁদের কাছে জিম্মি।’