লোকালয়ে আসা হরিণ বনে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে গতকাল রোববার লোকালয়ে আসা দুটি চিত্রা হরিণকে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ দুপুরে কুকরি-মুকরি সংরক্ষিত বনে তাদের অবমুক্ত করে।
ভোলা উপকূলীয় বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল ঢালচরের শাহজালাল বনাঞ্চল থেকে খাদ্য ও মিঠা পানির সংকটের কারণে খাবার সন্ধানে এসে হরিণ দুটি নদীতে পড়ে যায়। পানিতে ভাসতে ভাসতে ওই হরিণ দুটি ঢালচর এলাকার নদীর তীরসংলগ্ন নার্সারি বন এলাকায় চলে আসে। স্থানীয় জেলেরা চিত্রা হরিণ দুটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের ঢালচর রেঞ্জার সৈয়দ নুরুজ্জামান ও বন বিভাগের কর্মকর্তারা হরিণ দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সুস্থ হলে পাশের সংরক্ষিত কুকরি-মুকরি বনে অবমুক্ত করেন।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন জানান, লবণের তীব্রতা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন ও চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এলেই মিঠা পানির সংকট দেখা দেয়। এ সময় ভোলার বনেও দেখা দেয় খাদ্যসংকট। এ জন্য বনের হরিণগুলো খাদ্য ও মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে আসে।