লোকালয়ে হাতির পাল, রাত জেগে পাহারা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নে গত বুধবার ভারত থেকে আসা অর্ধশতাধিক বুনো হাতির তাণ্ডবে দিশেহারা ছয় গ্রামের বাসিন্দারা। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, খাবারের জন্য বুধবার থেকে অর্ধশতাধিক বুনো হাতি লোকালয়ে এসে সাতানীপাড়া, শোকনাথপাড়া, দিগলাকোনা, লাউচাপড়া, বালিজুড়ি ও গারোপাড়া গ্রামের বসতবাড়ি, শতাধিক একর জমির আধাপাকা ধান, সবজিখেত, কলাবাগান, গাছপালাসহ বিভিন্ন ফসলের খেত নষ্ট করছে। ওই হাতিগুলো সাতানীপাড়া পাহাড়ে অবস্থান করছে। সুযোগ পেলেই হাতিগুলো লোকালয়ে এসে এসব তাণ্ডব চালাচ্ছে।
ভয়ে ওই সব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা বুধবার থেকেই মশাল জ্বালিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে; হইহুল্লোড় করে, ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। এর পরও হাতির পাল এলাকা ছাড়ছে না। হাতির আক্রমণ থেকে বাঁচতে পাহাড়ি জনপদে বসবাসকারীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন তাঁরাও আছেন আতঙ্কে।
সাতানীপাড়া গ্রামের কৃষক রিয়াজুল মিয়া জানান, প্রতিবছর এ সময়ে ভারত থেকে বুনো হাতির পাল এসব গ্রামে আসে। পাহাড়ি অঞ্চলে ফসল ফলাতে হয় অনেক কষ্টে। কিন্তু প্রতিবছর হাতির পাল এসে ফসল নষ্ট করলেও হাতির আক্রমণ থেকে রক্ষায় সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই হাতির ভয়ে আধাপাকা রোপা আমন ধান কেটে বাড়িতে নেওয়া হচ্ছে।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিবছর হাতির তাণ্ডবে ওই সব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু হাতি নিয়ন্ত্রণে সরকারিভাবে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান জানান, ওই সব গ্রামের মানুষকে সতর্ক হওয়ার জন্য ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে সতর্ক করা ছাড়া হাতি নিয়ন্ত্রণে আর কিছু করার উপায় নেই।